Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইংল্যান্ড সফরে নেতৃত্বে রোহিতই, ইঙ্গিত বোর্ডের

আইপিএল শেষের পর ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। সেখানে হিটম্যানকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে।

ইংল্যান্ড সফরে নেতৃত্বে রোহিতই, ইঙ্গিত বোর্ডের
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফি জয় শুধুমাত্র পঞ্চাশ ওভারের ফরম্যাটেই ক্যাপ্টেন রোহিত শর্মাকে অক্সিজেন জোগায়নি, পাঁচদিনের ফরম্যাটেও স্বস্তি দিচ্ছে তাঁকে। আইপিএল শেষের পর ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। সেখানে হিটম্যানকেই দেখা যাবে অধিনায়ক হিসেবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে এমন খবরই জানা গিয়েছে। অর্থাৎ, নেতা রোহিতের উপর থেকে সরে গিয়েছে আশঙ্কার যাবতীয় মেঘ। 

Advertisement

খবরে প্রকাশ, মরুদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার কয়েক মুহূর্তের মধ্যেই নাকি মুম্বইকরকে আশ্বস্ত করা হয় টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচে রোহিত নিজেই সরে দাঁড়িয়েছিলেন ফর্মে না থাকার কারণে। বছরের গোড়ায় সিডনি টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন যশপ্রীত বুমরাহ। আর সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও খেলেননি হিটম্যান। সেই সফরে তিন টেস্টে মাত্র ৩১ রান এসেছিল তাঁর ব্যাটে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল নেতা রোহিতের টেস্ট কেরিয়ার নিয়ে। ব্যাটে রানের আকাল তো ছিলই, পাশাপাশি হেরেই চলছিল দল। হজম করতে হয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ০-৩ হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা। অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিও খুইয়েছে ভারত। ডনের দেশে তিনটি টেস্টে হারে টিম ইন্ডিয়া, যার মধ্যে দু’টিতেই নেতৃত্বে ছিলেন রোহিত।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয় তাঁর ভবিষ্যৎ সংক্রান্ত যাবতীয় সংশয়কে ধুয়েমুছে সাফ করে দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ২০ জুন হেডিংলেতে প্রথম টেস্টে রোহিতের টস করতে যাওয়া নিয়ে আর ধোঁয়াশা নেই। তবে কোনও কোনও মহল মনে করছে, ওডিআই ফরম্যাটের সাফল্যের সঙ্গে টেস্টের তুলনা চলে না। বিশেষ করে বিলেতে অনেক কঠিন কন্ডিশনে খেলতে হবে ওপেনারদের। তবে তারপরও যশস্বী জয়সওয়ালের সঙ্গে রোহিতই নামবেন শুরুতে। এক বোর্ডকর্তার কথায়, ‘টেকনিক্যালি, রোহিতই রয়েছে টেস্টের অধিনায়ক। সিডনিতে শেষ টেস্টে নিজে থেকে খেলেনি ও। ফর্মে না থাকার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিল। অস্ট্রেলিয়া সিরিজের পর ভারত আর টেস্ট খেলেনি। তাই টেস্ট দলের নেতৃত্বে কোনও বদলও ঘটেনি। আর ও যে টেস্ট খেলতে চায় না, এমন কথাও বলেনি কখনও।’ 
অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী অবশ্য সরকারিভাবে রোহিতকে এখনও নেতা ঘোষণা করেনি। আসলে ইংল্যান্ড সফরের অনেক দেরি রয়েছে। আইপিএলের মাঝপর্বে সম্ভবত ঘোষিত হবে দল। তবে তাতে চমকের সম্ভাবনা কার্যত নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ