তিরুবনন্তপুরম: অবশেষে জট কাটল। নতুন টাইটেল স্পনসর পেল ভারতীয় ক্রিকেট দল। কোচির সংস্থা মুথুট ফিনকর্প আগামী দু’বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ম্যাচ পিছু ভারতীয় ক্রিকেট বোর্ড পাবে প্রায় পাঁচ কোটি করে।
তিরুবনন্তপুরম: অবশেষে জট কাটল। নতুন টাইটেল স্পনসর পেল ভারতীয় ক্রিকেট দল। কোচির সংস্থা মুথুট ফিনকর্প আগামী দু’বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ম্যাচ পিছু ভারতীয় ক্রিকেট বোর্ড পাবে প্রায় পাঁচ কোটি করে।
গত ১৩ আগস্টের মধ্যেই টাইটেল স্পনসর ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেভাবে কোনও সংস্থাই আগ্রহ দেখাচ্ছিল না। তার একটা কারণ, ম্যাচ পিছু বিপুল অর্থের চাপ। আগে ছিল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। তারা চুক্তি মতো ম্যাচ পিছু বিসিসিআইকে দিত প্রায় ৪.২ কোটি। শোনা যাচ্ছে, মুথুট ফিনকর্প ম্যাচ পিছু ৪.৮ কোটি দিতে রাজি হয়েছে। তবে সরকারিভাবে এখনও কিছু জানায়নি বিসিসিআই। সাধারণত ঘরের মাঠে যে সব সিরিজ খেলা হয়, তা টাইটেল স্পনরের নামেই হয়। এবার টাইটেল স্পনসর হিসেবে ‘ব্লু মুথুট’ থাকবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই মুথুট ফিনকর্প টাইটেল স্পনসর হিসাবে থাকবে। আগামী দু’বছরে টিম ইন্ডিয়া ঘরের মাঠে খেলবে ৩৫টি ম্যাচ। তার মধ্যে রয়েছে ১০টি টেস্ট, ১২টি ওয়ান ডে এবং ১৩টি টি-২০।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ শুরু রবিবার। প্রথম ম্যাচ তিরুবনন্তপুরমে। বুধবারই কেরলে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি। বিমানবন্দরে তাঁকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিরাট শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডে। তারপর ছিলেন বিশ্রামে। এখন তিনি পরিবারের সঙ্গে থাকেন বিলেতে। তাই দেশের হয়ে খেলা থাকলেই দেশে ফেরেন ভিকে। বাকি সময় ব্যক্তিগত উদ্যোগে প্র্যাকটিস করেন। তবুও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার আগে দরকার পর্যাপ্ত প্রস্তুতি। তাই আগেই তিনি শিবিরে যোগ দিয়েছেন। যাতে জেটল্যাগ কাটিয়ে চনমনে হয়ে অনুশীলনে নামা যায়।
রোহিত শর্মাও এই সিরিজে থাকবেন প্রচারের আলোয়। গত সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি সেঞ্চুরি না পেলে এতদিনে হয়তো তাঁকে অবসরের তালিকায় নাম লিখিয়ে ফেলতে হত। কিন্তু সেঞ্চুরি হাঁকিয়ে হিটম্যান মোক্ষম জবাব দিয়েছেন সমালোচকদের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার জন্য মুখি রোহিতও। মুম্বইয়ের শিবাজি পার্কে তিনি আগেই প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। আসলে ভারতীয় দলের লক্ষ্য পরের বছর ওয়ান ডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ জেতার জন্য কোচ গৌতম গম্ভীর বিরাট-রোহিতের মতো সিনিয়রদের উপরও ভরসা রাখছেন।