মুম্বই: ক’দিন আগে মুম্বইয়ে এক অনুষ্ঠানে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি ২০২৭ বিশ্বকাপে খেলবেন? হিটম্যানের জবাব ছিল, ‘অনেক দেরি আছে। পরে ভাবা যাবে।’ আসলে গত কয়েক মাস ধরে তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে যেভাবে জল্পনা তৈরি করা হয়েছে, তাতে বিরক্ত রোহিত। ইংল্যান্ড সফরেই তাঁর বিদায়ী মঞ্চ সাজিয়ে ফেলা হয়েছিল। কিন্তু সেঞ্চুরি হাঁকিয়ে চক্রান্ত ভেস্তে দিয়েছেন হিটম্যান। পাশে পেয়েছেন খোদ বোর্ড সচিবকে। রোহিতের সঙ্গে ইগোর লড়াইয়ে নেমে নির্বাচক প্রধানের পদ খোয়াতে হচ্ছে অজিত আগরকরকে। তিনি বুঝে গিয়েছেন ভারতীয় ক্রিকেটে রোহিত, কোহলির মতো তারকাদের সঙ্গে টক্কর নেওয়া বড় ভুল। তবে রোহিত-কোহলির মতো মহাতারকাদের যে রকম ব্যবহার করা হচ্ছিল, তাতে বিরক্ত প্রাক্তন নির্বাচক প্রধান চেতন শর্মা। তিনি কার্যত ধিক্কার জানিয়েছেন। চেতনের মতে, ‘বয়স শুধুই সংখ্যামাত্র। তা দিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিকে বিচার করা ঠিক হবে না। ওরা ভারতীয় ক্রিকেটের কোহিনুর। ম্যাচ উইনার। তাই কথায় কথায় ওদের সমালোচনা বন্ধ হওয়া উচিত। একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে এগুলো আমাকে ব্যথিত করে।’



