Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারের কুচলিবাড়ি সীমান্ত থেকে গ্রেপ্তার রোহিঙ্গা দম্পতি

কোচবিহারের কুচলিবাড়ি সীমান্ত থেকে গ্রেপ্তার রোহিঙ্গা দম্পতি
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেখলিগঞ্জ: কোচবিহার জেলার কুচলিবাড়ি সীমান্ত থেকে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করল পুলিস। রবিবার এই খবর চাউর হতেই কুচলিবাড়ি সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিসি জেরায় তারা জানিয়েছে, তারা মায়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের কক্সবাজারের ২২ নম্বর ক্যাম্পে ছিল। তারপরই ভারতে প্রবেশ। সম্পর্কে স্বামী ও স্ত্রী। ধাপড়া বাজার এলাকা থেকে কুচলিবাড়ি থানার পুলিস তাদের পাকড়াও করে থানায় নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে কুচলিবাড়ি থানার পুলিস। এই ব্যাপারে মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন, কুচলিবাড়ির ধাপড়া থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, তারা পানবাড়ি সীমান্ত দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করে। রবিবার রাত তিনটে নাগাদ কুচলিবাড়ি সীমান্তের কোনও এক বাড়িতে রোহিঙ্গা দম্পতি আশ্রয় নেয়। অবৈধভাবে এদেশে প্রবেশে এক ভারতীয় দালাল তাদের সহযোগিতা করে। ভারতে প্রবেশের জন্য ওই দালালকে রোহিঙ্গারা ৪০ হাজার টাকা দেয়। এখান থেকে শিলিগুড়ি হয়ে নেপালে পাড়ি দেওয়াই লক্ষ্য ছিল এই দম্পতির। সে উদ্দেশ্য তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে ধাপড়া বাজারে এসেছিল। সেই সময়েই খবর পেয়ে পুলিস গিয়ে তাদের গ্রেপ্তার করে। এই ঘটনার পর কুচলিবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফের তরফেও সক্রিয়তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ