নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম ৪টি ম্যাচে ১২ পয়েন্ট ও ১৪ গোল। তার মধ্যে শেষ দু’ম্যাচে ১০বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে মোহন বাগান। তবে সবটাই ঘরের মাঠে। এবার চেনা পরিবেশের বাইরে সবুজ-মেরুন কোচ সের্গিও লোবেরার পরীক্ষা। মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ। আগামী শনিবার কান্তিরাভায় প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। কিন্তু প্রশ্ন, রবসন রবিনহোকে কি এই ম্যাচে পাবেন কোচ লোবেরা? রবিবার বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি শুরু করেছে পালতোলা নৌকা বাহিনী। রিহ্যাবে রয়েছেন রবসন। সোমবার ফিজিওকে সঙ্গে নিয়ে মাঠের চার পাশে হাঁটাহাটি করলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তারপর ড্রেসিং-রুমে বিশ্রাম নেন তিনি। পরিস্থিতি যা, তাতে রবসনকে ছাড়াই সুনীল ছেত্রীদের হারানোর ছক তৈরি করছেন কোচ লোবেরা। ব্রাজিলিয়ান উইঙ্গারকে নিয়ে অযথা ঝুঁকি নিতে নারাজ তিনি। তবে এখনও হাতে কিছুটা সময় আছে। তারপরেই রবসনের মাঠে নামা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্প্যানিশ কোচ।



