নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন এক স্বর্ণ ব্যবসায়ী। সঙ্গে ছিল রুপোর গয়না ভরতি ব্যাগ। পাড়ার গলিতে ঢোকার মুখেই তাঁর পথ আটকায় দুষ্কৃতীরা। কিছু বুঝে ওঠার আগেই মুখে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তারা। বুধবার রাতে সাঁকরাইলের ধূলাগড় শিবতলার নিয়োগীপাড়ায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ব্যবসায়ীর দাবি, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় দু’লক্ষ টাকা মূল্যের রুপোর গয়না ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।
ব্যবসায়ী তারক জানা বলেন, ধূলাগড় শিবতলার কাছে তাঁর দোকান। বুধবার রাতে দোকান বন্ধ করে রুপোর গয়না ভরতি ব্যাগ নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। রাত ১০টা নাগাদ গলিতে ঢোকার সময় মুখ ঢাকা দু’জনকে তিনি দাঁড়িয়ে থাকতে দেখেন। তাঁর অভিযোগ, আরও এক দুষ্কৃতী ওই গলিতে লুকিয়ে অপেক্ষা করছিল। সাইকেল নিয়ে এগিয়ে যেতেই তিনজন তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। মুখে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যাগটি কেড়ে নেয় তারা। এরপর দু’টি বাইকে চেপে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যবসায়ীর দাবি, ব্যাগে কোনো সোনার গয়না ছিল না। তবে প্রায় দু’লক্ষ টাকা মূল্যের রুপোর অলঙ্কার ছিল। নিজের বাড়ির কাছেই এমন ঘটনায় আতঙ্কিত তারকবাবু। তাঁর কথায়, এলাকায় বহু ভাড়াটিয়া থাকেন। নতুন মানুষের আনাগোনা লেগেই থাকে। ফলে দুষ্কৃতীদের কাউকেই চিনতে পারেননি তিনি। ছিনতাই হওয়া সামগ্রী উদ্ধার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই ব্যবসায়ী।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ছিনতাই হওয়া গয়না উদ্ধারের আশ্বাস দিয়েছে পুলিশ। এদিকে, বাড়ির কাছেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা লক্ষ্মীকান্ত নিয়োগী, ফাল্গুনী নিয়োগী, হারু নিয়োগীদের দাবি, এলাকাটি শান্তিপূর্ণ বলেই পরিচিত। সেখানে রাতের দিকে এমন ঘটনা ঘটবে, তা তাঁরা কল্পনাও করতে পারছেন না। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।



