নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভর সন্ধ্যায় শ্রীরামপুরের একটি সোনার দোকানে ছিনতাই। সে ঘটনার ভিডিও ভাইরাল। তা ঘিরে হুগলিতে চাঞ্চল্য। সিসি ক্যামেরার ছবিতে দেখা গিয়েছে, এক যুবক ক্রেতা সেজে সোনার দোকানে এসে সোনার হার দেখছেন। তারপর আচমকা এক মহিলা কর্মীর হাত থেকে এক গোছা সোনার হার ছিনিয়ে নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছেন। ঘটনাটি শ্রীরামপুরের বউবাজার এলাকার।
২৮মে ক্রেতা সেজে এসে যুবকটি প্রায় আট লক্ষ টাকার গয়না নিয়ে পালায়। চন্দননগর কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন, ইতিমধ্যেই ঘটনার তদন্ত এগিয়েছে। ওই যুবককে সিসি ক্যামেরার ছবি থেকে স্পষ্ট শনাক্ত করাও গিয়েছে। ওই ব্যক্তি আগেও একইরকমভাবে ছিনতাই করেছে। তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে। সোনার দোকানের মালিক ও পুলিস সূত্রে জানা গিয়েছে, যুবকটি মে মাসের ১৪ তারিখ থেকে ধারাবাহিকভাবে বউবাজারের ওই দোকানে আসছে। প্রথম দিন একটি রুপোর আংটি কিনেছিল। ফের ২৫ তারিখ আসে। একটি রুপোর গলার চেন কেনে। তারপর ঘটনার ঠিক আগের দিন একটি সোনার চেন কিনতে আসে। ২৮ তারিখ এসে সোনার চেন বদলাতে চায়। দোকানে বারবার আসা যাওয়ার খাতিরে কর্মীরা সন্দেহ করেনি। মহিলা কর্মী একগুচ্ছ সোনার হার তার সামনে মেলে ধরেন। সেই সুযোগে হারের গুচ্ছ নিয়ে দৌড় দেয় যুবকটি। পুলিসের দাবি, গোটা ঘটনা রীতিমতো পরিকল্পনা করে সাজানো হয়েছিল।
একাধিকবার দোকানে এসে পরিবেশ পরিস্থিতি বুঝে গিয়েছিল ওই দুষ্কৃতী। তারপর ছিনতাই করতে আসে। ঘটনার দিন তার কোনও সহযোগী বাইক নিয়ে দোকানের আশপাশে ছিল। কারণ ছিনতাইয়ের পর বাইরে বেরিয়ে এসেও দোকানের কর্মীরা যুবকটিকে দেখতে পাননি। ভাইরাল ভিডিওটি ঘিরে ইতিমধ্যেই স্বর্ণ ব্যবসায়ী মহলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।