সংবাদদাতা, বসিরহাট: স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া এফ পি স্কুল থেকে টিপির মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায়। এলাকার বাসিন্দারা রাস্তাটি মেরামতির দাবি জানিয়েছিলেন পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতিকে। কিন্তু কোনও কাজ হয়নি।
এদিকে এই রাস্তা দিয়ে রোজ কয়েক হাজার মানুষ যাতায়াত করে। স্থানীয় কৃষক থেকে ব্যবসায়ীরা এই রাস্তা দিয়েই বিভিন্ন জিনিস নিয়ে যান। ভাঙা রাস্তার কারণে যাতায়াত করতে গিয়ে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে যাচ্ছে। তাই এলাকাবাসীদের দাবি, রাস্তাটি দ্রুত মেরামত করুক প্রশাসন।
এনিয়ে স্থানীয় বাসিন্দা কামাল গাজি বলেন, বহুদিন ধরে রাস্তাটি খারাপ অবস্থায় পড়ে আছে। আমরা অনেকবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। তাছাড়া ভোটের সময়ে রাজনৈতিক নেতারা মেরামত করার প্রতিশ্রুতি দিলেও, ভোট মিটে যাওয়ার পর সেই নিয়ে আর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা চাই, দ্রুত এই রাস্তাটি মেরামতি করে দিক প্রশাসন।
তবে এই বিষয়ে চারঘাট পঞ্চায়েতের প্রধান টুম্পা সর্দার বলেন, রাস্তাটি দ্রুত মেরামত করা হবে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকারিভাবে এর অনুমোদনও করানো হয়েছে। - নিজস্ব চিত্র