Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দীর্ঘদিন বেহাল খেয়াঘাটের রাস্তা, সমস্যায় এলাকাবাসী

দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের খেয়াঘাটের রাস্তাটি। প্রায় ৬০০ ফুট এই ইটের রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে।

দীর্ঘদিন বেহাল খেয়াঘাটের রাস্তা, সমস্যায় এলাকাবাসী
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের খেয়াঘাটের রাস্তাটি। প্রায় ৬০০ ফুট এই ইটের রাস্তার বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। মূলত মাটি বসে গিয়েই এমন হয়েছে। কোনওরকমে হেঁটে যাতায়াত করা গেলেও, টোটো বা অ্যাম্বুলেন্স খেয়াঘাট পর্যন্ত যেতে পারে না। অসুস্থ কোনও রোগীকে নৌকা থেকে কোলে করে গাড়িতে তুলতে হয়। অথচ এই গুরুত্বপূর্ণ খেয়াঘাট দিয়ে রোজ প্রচুর মানুষ যাতায়াত করে। এই খেয়াঘাটের উল্টোদিকেই রয়েছে জি-প্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজার। কার্জন ক্রিক নদী পেরিয়ে জি-প্লট গ্রাম পঞ্চায়েতের প্রচুর বাসিন্দা ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতে আসেন। এছাড়াও দুটি নদী পেরিয়ে খুব কম সময়ে জি-প্লট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা পাথরপ্রতিমা ও কাকদ্বীপে পৌঁছে যান। তটের বাজারের বাসিন্দারা অসুস্থ হয়ে পড়লে ব্রজবল্লভপুরের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে যান এই রাস্তা দিয়েই। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি খারাপ হয়ে থাকার কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে।

Advertisement

এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা অমিত মাইতি বলেন, প্রায় ১৩ বছর আগে এই খেয়াঘাট সহ এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। গত প্রায় চার বছর ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। আগে ঘাটের কাছে সোলারের আলোও বসানো হয়েছিল। সেটিও খারাপ হয়ে গিয়েছে। বর্তমান এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগে আলো বসিয়েছেন। এই খেয়াঘাটে একটি টিকিট কাউন্টারও তৈরি করা হয়েছিল। কিন্তু সেই ঘরে জানালা ও দরজা লাগানো হয়নি। এখন সেই ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যাতায়াতের রাস্তাটি অন্তত মেরামত করা হলে খুব ভালো হয়। নাহলে আগামী দিনে রাস্তাটি বসে গিয়ে আরও খারাপ পরিস্থিতি তৈরি হবে।
পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। যদি রাস্তাটির বেহাল পরিস্থিতি হয়ে থাকে, তাহলে শীঘ্রই মেরামত করার ব্যবস্থা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ