Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়া থেকে শ্রীরামপুর ও গুপ্তিপাড়ায় রাস্তা সংস্কার

চুঁচুড়া থেকে শ্রীরামপুর ও গুপ্তিপাড়ায় রাস্তা সংস্কার
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া থেকে শ্রীরামপুর— রথযাত্রার প্রাক্কালে শহরের রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু শহর নয়, গ্রামীণ এলাকাতেও লেগেছে রথযাত্রার ঢেউ। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী রথকে কেন্দ্র করে রাস্তা সংস্কারের তৎপরতা শুরু হয়েছে। আগামী ২৭ জুন রথযাত্রা। হুগলির শ্রীরামপুরের মাহেশ ও গুপ্তিপাড়ার রথ নিয়ে হুগলি জেলা তো বটেই, অন্যান্য জেলার বাসিন্দাদের মধ্যেও উন্মাদনা দেখা দেয়। এর পাশাপাশি চুঁচুড়া, চন্দননগরে বেশ কিছু সাবেক রথযাত্রা পালিত হয়। সব মিলিয়ে হুগলিতে রথকে কেন্দ্র করে বরাবরই আলোড়ন পড়ে। সেই কারণেই শহর থেকে গ্রাম, রথের পথ সারিয়ে তোলার জন্য তৎপরতা শুরু হয়েছে।

Advertisement

চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, এই শহরে প্রায় সাতটি রথযাত্রা হয়, যেগুলি জনপ্রিয়। গৌড়ীয় মঠ, রথতলা, ব্যান্ডেল চার্চ প্রভৃতি এলাকার বেশ কয়েকটি রথ শহরের অনেকটা এলাকা পরিক্রমা করে। সেই কারণে কার্যত গোটা শহরের রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রথের প্রাক্কালে সব রাস্তা ঝাঁ চকচকে করে দেওয়া হবে। শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য সন্তোষ সিং (পাপ্পু) বলেন, মাহেশের রথ ঐতিহ্যবাহী। ছ’বছর পার করেছে এই রথযাত্রা। রথের দিন বহু মানুষের সমাগম হবে শহরে। তার আগে সমস্ত পথঘাট সংস্কার করা হবে।
হুগলির গুপ্তিপাড়া রথ আয়োজক কমিটির অন্যতম কর্তা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ নাগ বলেন, গুপ্তিপাড়ার রথকে কেন্দ্র করে মানুষের মধ্যে আবেগ কাজ করে। নদীয়া জেলা থেকেও মানুষ রথের টানে বলাগড়ে আসেন। গুপ্তিপাড়া ফেরিঘাট থেকে মনসাতলা, অন্যদিকে বাদাগাছি পর্যন্ত রাস্তা সংস্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে। পঞ্চায়েত ও প্রশাসনের তরফে পদক্ষেপ করা হয়েছে।
হুগলিতে রথযাত্রার ঐতিহ্য আছে। এই ঐতিহ্যবাহী রথযাত্রার সঙ্গে নাগরিকরা উৎসাহের সঙ্গে এখন একাধিক রথযাত্রা চালু করেছেন। হুগলি ও চুঁচুড়া শহরজুড়ে তার একাধিক উদাহরণ রয়েছে। ফলে, রথযাত্রা মানেই যে মাহেশ বা গুপ্তিপাড়া এবং সেখানেই মানুষের ঢল, বিষয়টি এখন তারমধ্যে সীমাবদ্ধ নেই। চুঁচুড়ায় এখন রথকে কেন্দ্র করে উৎসাহ লাফিয়ে বেড়েছে। এই প্রেক্ষিতেই শহরের রাস্তা সংস্কারে বাড়তি উদ্যোগ নিয়েছে পুরসভাগুলি। পুরকর্তাদের দাবি, শহরের ৩০টি ওয়ার্ড দিয়েই কোনও না কোনও রথ যায়। সেকারণে সব রাস্তাই কার্যত সারানো হবে। সেই তুলনায় শ্রীরামপুর বা গুপ্তিপাড়ার পরিস্থিতি কিছুটা সহজ। ওই দুই এলাকার নির্দিষ্ট কিছু রাস্তা সংস্কার করা হবে। সব মিলিয়ে রথের চাকা যেসব রাস্তা দিয়ে যাবে, তা সংস্কার করতে ইতিমধ্যেই হুগলিজুড়ে কর্মযজ্ঞ শুরু হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ