সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শ্মশান ও কবরস্থানে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। শ্মশানে যাওয়ার রাস্তাটি মহিষরেখা কিশোরপুর এলাকায় এবং কবরস্থানে যাওয়ার রাস্তাটি অভিরামপুর মুসলিমপাড়ায়। এই দু’টি রাস্তা ঢালাই করছে তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েত। সূত্রের খবর, এই দু’টি রাস্তা নির্মাণ করতে ব্যয় হবে সাড়ে ৬ লক্ষ টাকা। দীর্ঘদিন বাদে রাস্তা সংস্কার হওয়ায় খুশি এলাকার মানুষ। শ্মশানে যাওয়ার রাস্তাটি বহু বছর ধরে খারাপ হয়ে পড়ে ছিল। এই রাস্তা দিয়ে যাতায়াত করাই দুষ্কর। অবশেষে রাস্তাটি ঢালাই করার উদ্যোগ নিয়েছে তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান মহসিন মোল্লা বলেন, প্রায় ১০০ মিটার লম্বা এই রাস্তা ঢালাই করার পাশাপাশি পাশে থাকা পুকুরপাড়ও টালি দিয়ে পাইলিং করা হচ্ছে। অন্যদিকে, অভিরামপুর মুসলিমপাড়ায় কবরস্থানে যাওয়ার ১২০ মিটার দীর্ঘ রাস্তাটিও ঢালাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তা দু’টি ঢালাই হওয়ায় দুই এলাকার বাসিন্দারা উপকৃত হবেন। নিজস্ব চিত্র



