‘ভালোবাসার রাস্তা’, নতুন লুকে গড়িয়াহাট ফ্লাইওভার, সেজে উঠছে চিংড়িঘাটা উড়ালপুলও
  • ১২ অক্টোবর, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

সানি বাগ, কলকাতা: উৎসবের ঢাকের বাদ্যি এখন একদম দোড়গোড়ায়। পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আলোর রোশনাইয়ে সেজে ওঠার প্রতীক্ষায় আমাদের প্রিয় তিলোত্তমা। কিন্তু তার আগেই এক নতুন মায়াবী সাজে সেজে উঠছে শহরের উড়ালপুলগুলি। আবেগের লাল-হলুদ রঙে সাজিয়ে তোলা হয়েছে গড়িয়াহাট ব্রিজের ‘ভালোবাসার রাস্তা’কে। অন্যদিকে লাল-হলুদ-সবুজ-নীলের রঙিন মেলবন্ধনে এক অনন্য রূপ পেয়েছে চিংড়িঘাটা উড়ালপুলও।

Advertisement

গতকালই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গড়িয়াহাট ব্রিজে দাঁড়িয়ে বলেন, ‘এই রাস্তা, ভালোবাসার রাস্তা। বিশ্বাসের রাস্তা। যে বিশ্বাস আপনারা আমাদের উপর রেখেছেন। যে বিশাল জনমত নিয়ে আপনারা আমাদের নিয়ে এসেছেন। সবই আপনাদের জন্য।’

রঙিন রাস্তায় ছবি তোলার হিড়িকও লক্ষ্য করা গিয়েছে। সমাজমাধ্যমে এই দুই ব্রিজ এখন ভাইরাল। কেউ কেউ বাইক চালাতে চালাতেই করছেন ভিডিও। আবার কেউ নেমেই পড়ছেন রাস্তায় এবং বানাচ্ছেন রিলস। এরই পাশাপাশি দুর্গাপুজোর আলোয় এবছর মায়াবী রূপে পার্ক স্ট্রিটও। চারিদিকে ঝলমলে আলো। এলইডি ডিসপ্লে যেন উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণত শীতের রাতে প্রতিবছর নিউ ইয়ারের আগে আমরা যেরকম সাজে দেখি, ঠিক তেমনই ক্রেজ দেখা গিয়েছে এবার পুজোতে। তা দেখতে ভিড় জমাতে শুরু করেছেন অনেকেই। কেউ কেউ আবার গাড়ির সানরুফ খুলে, তো কেউ প্রিয় মানুষের হাতে হাত রেখে চোখ মেলে দেখছেন রাতের কলকাতার এই অপরূপ আলোর খেলা।