নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাথর থেকে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়ার দাবি পশ্চিমবঙ্গ সরকারের। আজ সোমবার মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমে লেখেন, রবিবার বীরভূম জেলা থেকে পাথর বিক্রি ও পরিবহণ সংক্রান্ত ডিসিআর বাবদ একদিনে ৩.৪৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তাঁর দাবি, গত বছরের অক্টোবর মাসে বীরভূম থেকে যে রাজস্ব আদায় হয়েছিল, একদিনের সংগ্রহ তার থেকেও বেশি।
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের প্রথম ১১ দিনে রাজ্য সরকার পাথর থেকে মোট ৩২.১৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে পাথর খাদান থেকে মাসিক ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাওয়া সম্ভব বলেও আশাপ্রকাশ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে একটি পোস্টে শুভেন্দু অধিকারী বলেন, স্বচ্ছ প্রশাসন এবং রাজস্ব আদায়ে শৃঙ্খলা বজায় রাখাই সরকারের অঙ্গীকার। তাঁর বক্তব্য, রাজস্ব ফাঁকি রুখতে বীরভূম জেলা প্রশাসন এবং ভূমি দফতরের সক্রিয় ভূমিকার ফলেই এই সাফল্য এসেছে।
পাথর, পাথরের চিপস, বোল্ডার এবং বালি খাদান ও খনি এলাকা থেকে পরিবহণের সময় ডিসিআর নামে সরকারি ট্রানজিট ও টোল রসিদ দেওয়া হয়। এই ব্যবস্থার মাধ্যমে রাজস্ব আদায় করা হয়। বীরভূমে একাধিক পাথর খাদান থাকা সত্ত্বেও আগে এই খাতে রাজস্ব আদায় তুলনামূলকভাবে কম ছিল কেন, সেই প্রশ্নে আগের তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।



