নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমালের ঘটনায় ফের পুলিশি হাজিরা এড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকাল ১০টায় শেক্সপিয়র সরণি থানায় তাঁকে হাজিরা হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গতকাল নোটিস নিয়ে অভিষেকের বাড়িতেও পৌঁছেছিল পুলিশ। কিন্তু সেখানেও অনুপস্থিত ছিলেন তিনি। আজ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও থানায় পৌঁছননি ডায়মন্ড হারবারের সাংসদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ তিনি আরও দু'দিন সময় চেয়ে ইমেল পাঠিয়েছেন। অপরদিকে ফের আজ অভিষেককে হাজিরার নোটিশ দিতে কালীঘাটের বাড়ি পৌছয় পুলিশ।
সূত্রের খবর, রবিবার অভিষেকের বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দিয়ে আসে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ক্যামাক স্ট্রিটে তাঁর দপ্তরের সামনে থাকা বিলবোর্ড খোলার সময় পুরকর্মী ও পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়া এবং তাঁদের হেনস্তা করার অভিযোগ উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে অভিষেকের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে পুরসভা। এর আগে পুরসভার দায়ের করা একটি মামলায় অভিষেককে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার পুরসভার অন্য একটি এফআইআরের ভিত্তিতে তাঁকে ফের থানায় ডেকে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুরসভার কর্মীরা বিলবোর্ড সরাতে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির অভিযোগও ওঠে। পুলিশের দাবি, অফিসে প্রবেশের চেষ্টা করার সময় কয়েকজন পুলিশকর্মীর সঙ্গে হাতাহাতি হয়। মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানীরও অভিযোগ ওঠে সেদিন। ঘটনাকে কেন্দ্র করে পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও সামনে আসে। এই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তিকে নোটিশ পাঠায় পুলিশ।



