Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটিগাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনের রাস্তা যেন ডোবা

মাটিগাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সামনের রাস্তা যেন ডোবা
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: হাসপাতালে ঢুকতে গিয়ে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। কারণ, মাটিগাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনের রাস্তা যেন ডোবা। বর্ষার শুরুতেই জল পেরিয়ে রোগীদের হাসপাতালে ঢুকতে ও বের হতে হচ্ছে। অ্যাম্বুলেন্সেও রোগী নিয়ে হাসপাতালে ঢুকতে সমস্যা হচ্ছে। ক’দিন ধরেই এই দুর্ভোগ চলছে বলে দাবি। নাজেহাল এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা সরব হতেই বিকেলে বাড়ির ভাঙা নির্মাণ সামগ্রী এনে খানাখন্দ ভরাট করা হয়। এতে দুর্ভোগ আরও বেড়েছে। 

Advertisement

হাসপাতালের প্রবেশপথে জল জমে থাকায় সবদিক দিয়েই দুর্ভোগ বেড়েছে বলে জানান বিএমওএইচ ডাঃ অরিন্দম দে। তিনি বলেন, রোগী নিয়ে এসে অ্যাম্বুলেন্স চালকদের ঢুকতে নাজেহাল হতে হচ্ছে। আউটডোরে প্রতিদিন কয়েকশো রোগী আসেন। কমবেশি তাঁরাও সমস্যায় পড়ছেন। সংশ্লিষ্ট সব দপ্তরকে লিখিতভাবে সমস্যার কথা জানিয়েছি। বিকেলের দিকে মাটি ফেলা হয়েছে। তবে এটা সমাধানের পথ নয়। 
মাটিগাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনেই শুধু নয়, দীর্ঘ এই রাস্তার পুরোটাই খানাখন্দে ভরা। রেললাইন পেরিয়ে একটি রাস্তা সোজা চলে যায় পতিরামজোত হয়ে শিলিগুড়ি পুরসভার রামঘাটে থাকা মহানন্দা সেতুর উপর দিয়ে জলপাই মোড়ে। অন্যদিকে, রেল লাইন পেরিয়ে বাঁ দিকে গেলে সেই রাস্তা যায় পুরসভার টিউমলপাড়া হয়ে ঝঙ্কার মোড়ে। দু’টি রাস্তায় প্রতিপদে যেন মরণফাঁদ। পতিরাম হয়ে যাওয়া রাস্তায় গত শনিবার মাটি ফেলা হয়েছে। ফলে জল-কাদা ভর্তি রাস্তায় ফেঁসে যাচ্ছে টোটো, গাড়ির চাকা। বিপাকে পড়ছেন চালকরা। 
এদিকে, গত শনিবার শিলিগুড়ি পুরসভার টক-টু-মেয়র ফোন-ইন লাইভ অনুষ্ঠানেও খলাইবক্তরির এক বাসিন্দা মেয়র গৌতম দেবের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এই রাস্তাগুলি নিয়ে। তিনি বলেছিলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য, প্রধান সবাইকে বলেও কোনও কাজ হয়নি। আপনি পারেন রাস্তা সংস্কারে পদক্ষেপ করতে। যদিও মেয়র জানিয়েছিলেন, পঞ্চায়েত এলাকার ওই সমস্যা নিয়ে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন। 
হাসপাতালের সামনে রেলগেট রয়েছে। মাঝেমধ্যেই রেলগেট পড়ে বলে দুর্ভোগ চরমে ওঠে। দু’পারে গাড়ির লাইন পড়ে যায়। মানুষ ভাঙা রাস্তায় জমা জলে দাঁড়িয়ে থাকে। এই সমস্যার কথা অস্বীকার করেছেন মাটিগাড়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি ঘোষ। তিনি বলেন, এক বছর আগে পথশ্রী প্রকল্পে রাস্তাটি মেরামত করা হয়েছে। কিন্তু এই রাস্তা দিয়ে সারাক্ষণ ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করে বলে তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছে। আমরা ফের পথশ্রী প্রকল্পে মেরামতের কাজ শুরু করেছি। বৃষ্টি শুরু হয়েছে। তাই আপাতত মাটি ফেলে রাস্তার ছোট, বড় গর্ত ভরাট করে দিচ্ছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ