সংবাদদাতা, পুরাতন মালদহ: পূর্ত দপ্তরের উদ্যোগে পুরাতন মালদহ শহরের বুলবুলচণ্ডী-রেলগেট পর্যন্ত প্রায় ৬০০ মিটারের বেশি রাস্তা সম্প্রসারণ চলছে। বারবার বলার পরও কিছু জায়গা খালি না করায় দখলমুক্ত করার জন্য অভিযান হয়েছে সোমবার রাতে। সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের নির্দেশ অনুয়ায়ী একাধিক দোকানের মালিক আগেই জায়গা ফাঁকা করে দিয়েছেন। তবে চিঠি এবং মৌখিকভাবে বলা হলেও ওই শহরের সারদা কলোনি এলাকায় চারটি দোকান সরানো হয়নি। এতে পূর্ত দপ্তরের কাজ এগিয়ে নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছিল। সেজন্য সোমবার গভীর রাতে আর্থমুভার দিয়ে সংশ্লিষ্ট দোকানগুলি ভাঙা হয়েছে। সেখানে রাস্তা সম্প্রসারণ এবং পেভার ব্লক বসানো হবে বলে পূর্ত দপ্তর এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে।
পূর্ত দপ্তরের পুরনো জাতীয় সড়কের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুধীন বন্দ্যোপাধ্যায় বলেন, ওখানে পেভার ব্লক বসানো হবে। আগেও ওই দোকানদারদের নোটিশ করা হয়েছে। সোমবার দুপুরে আমরা এবং পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ঘটনাস্থলে গিয়েছিলাম। রাতে সেই জায়গা খালি করা হয়েছে।
বেদখল হওয়া দোকানদারেরা বলেন, ৪০ বছর ধরে আমরা এখানে রয়েছি। আগে বলেছিল জায়গা ফাঁকা করতে। করা হয়নি বলে ভেঙে দিয়েছে। এখন কী করব বুঝতে পারছি না। শহরের মঙ্গলবাড়ি রাস্তা মানুষের লাইফলাইন। ইংলিশবাজার, গাজোল সহ নানা এলাকায় যেতে হলে এই রাস্তা ব্যবহার করতে হয়। পূর্ত দপ্তরের উদ্যোগে ওই রাস্তা সংস্কার শুরু হয়। এলাকায় ডান এবং বাম দিকে আলাদা করে দু’টি সার্ভিস রোডের উপরে একাধিক দোকান বসে গিয়েছে। সেখানে যানবাহন দাঁড়িয়ে থাকছে বলে অভিযোগ। পূর্ত দপ্তরের এক আধিকারিক বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করে কাজের সুবিধার জন্য জোড়া সার্ভিস রোড ফাঁকা করার পরিকল্পনা রয়েছে।
পুরসভার চেয়ারম্যান বলেন, পূর্ত দপ্তর আগে জায়গা থেকে সরতে বলেছিল। অনেক দোকানদার নির্মাণ সরাননি। মানুষের সুবিধার জন্য রাস্তা হচ্ছে। রাস্তা দখলমুক্ত করতে বেআইনি নির্মাণ ভেঙে দিল পূর্তদপ্তর।