নিজস্ব প্রতিনিধি, বারাসত: সপ্তাহখানেক ধরে কমপক্ষে সাতটি চুরির ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। ক্ষোভে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানালেন এলাকার মানুষ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কোটরা গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে। পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের গোপালপুর এলাকায় সপ্তাহখানেক ধরে চুরির ঘটনা ঘটছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা দত্তপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন। কিন্তু অবস্থার বদল হয়নি। স্থানীয়দের দাবি, বেড়েই চলেছে চুরি। নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষ। তাই বাধ্য হয়ে পুলিসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে শুক্রবার দুপুরে গোপালপুর এলাকায় অবরোধ করেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে একটি বাড়িতে চুরি করতে ঢোকে দুই দুষ্কৃতী। ফাঁকা জায়গায় বসে তারা চুরি করা সামগ্রী ভাগ করছিল। সেই সময় এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরা গেলেও অপরজন দৌড়ে পালায়। ধৃতকে পুলিসের হাতে তুলে দেয় স্থানীয়রা। যদিও তাঁদের অভিযোগ, অন্যজনকে ধরতে কোনও পদক্ষেপ করেনি দত্তপুকুর থানা। শঙ্কিত, বিরক্ত স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে গোলাবাড়ি-দত্তপুকুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী হাফিজুল ইসলাম, বাবলু ঘোষ বলেন, দিনের পর দিন চুরির ঘটনা বাড়ছে। পুলিস কোনও কাজ করেনি। তাই পুলিসের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করি। পুলিসের এক কর্তা বলেন, উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। নিজস্ব চিত্র



