নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বছরের পর বছর জল জমার সমস্যা মিটছে না। অতীতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সমস্যা মেটেনি। এনিয়েই ক্ষুব্ধ ছিলেন চুঁচুড়ার কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের নলডাঙার বাসিন্দারা। বুধবার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন। বিক্ষোভকারীরা জিটি রোড অবরোধ করায় তীব্র যানজট তৈরি হয়। পুলিস অবরোধ তুলতে এলে বচসায় জড়ান বিক্ষোভকারীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। শেষপর্যন্ত বিক্ষোভকারীদের দাবি মেনে এলাকায় আসেন পঞ্চায়েত প্রধান বেলা মাজি। তিনি আশ্বাস দেওয়ার পরে শর্তসাপেক্ষে অবরোধ ওঠে। পরে প্রধান বলেন, ওই এলাকা ভৌগোলিক অবস্থানের কারণেই নিচু। জমা জলের সমস্য মেটাতে যা করা প্রয়োজন তা পঞ্চায়েতের আর্থিক পরিকাঠামোতে সম্ভব নয়। এনিয়ে জেলা পরিষদ ও বিধায়কের সঙ্গে কথা বলব। বিক্ষোভকারীদের দাবি, ওই এলাকায় পঞ্চায়েত ও পুরসভা মিলে মিশে আছে। নিকাশি সমস্যা আছে। পাশাপাশি, এলাকার পুরসভা ও পঞ্চায়েতের নালাগুলির উপরে অবৈধ নির্মাণ হয়েছে। সেসবও সরিয়ে দেওয়ার দায়িত্ব পঞ্চায়েত বা পুরসভা পালন করে না। প্রধানের দাবি, ওই বিষয়েও পদক্ষেপ হবে। নিজস্ব চিত্র



