নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজি ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় বাংলা। বঙ্গ ব্রিগেডের ৩০১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে মায়াঙ্ক আগরওয়ালদের সংগ্রহ ৫ উইকেটে ১৫৫ রান। এখনও ১৪৬ রানে এগিয়ে লক্ষ্মীরতন শুক্লার দল। শুক্রবার যত দ্রুত সম্ভব কর্ণাটককে অল-আউট করে প্রথম ইনিংসে লিডে নেওয়াই লক্ষ্য অনুষ্টুপ মজুমদারদেক। ৫ উইকেটে ২৪৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলা। শাহবাজ আহমেদ (৫৯) আউট হওয়ার পর দলের স্কোর তিনশোর উপর নিয়ে যান অভিলিন (২২), আমিররা (১৮)। জবাবে দ্রুত ৫ উইকেট খুইয়ে চাপে কর্ণাটক। বাংলার পক্ষে সুরজ ও বিবেক দু’টি করে উইকেট নিয়েছেন।
Advertisement
এদিকে, রনজিতে ছন্দ বজায় রয়েছে শ্রেয়স আয়ারের। মহারাষ্ট্রের বিপক্ষে শতরান হাঁকিয়েছিলেন। এবার ওড়িশার বিরুদ্ধে করলেন ডাবল-সেঞ্চুরি। ২২৮ বলে শ্রেয়সের সংগ্রহ ২৩৩ রান। এছাড়া সিদেশ লাড ১৬৯ রানে অপরাজিত থাকেন। ৪ উইকেটে ৬০২ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে মুম্বই। জবাবে দ্বিতীয় দিনের শেষে ওড়িশা ৫ উইকেটে তুলেছে ১৪৬।



