নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক কিশোরীকে নামকরা একটি চ্যানেলে গানের রিয়েলিটি শোয়ে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। এক বছরের বেশি সময় কেটে গেলেও কোনও সুযোগ না মেলায় থানায় অভিযোগ করে কিশোরীর পরিবার। এক অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিস। তারা জানিয়েছে, ধৃতের নাম অর্ঘজিৎ দত্ত। আরেক অভিযুক্ত পুবালি মিত্র পলাতক। দু’জনেরই বাড়ি বারাকপুর পুলিস কমিশনারেটের ঘোলা থানায় এলাকায়। শুক্রবার ধৃত অর্ঘজিৎকে বারাসত আদালতে তোলা হলে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, মধ্যমগ্রাম পুরসভার বাসিন্দা কাকলি ভট্টাচার্যের সঙ্গে বছরখানেক আগে পরিচয় হয় অর্ঘজিত দত্ত ও পুবালি মিত্রের। তাঁরা কাকলিদেবীর মেয়েকে একটি নামকরা চ্যানেলের রিয়েলিটি শোতে সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দেন বলে অভিযোগ। এরপর দফায় দফায় কাকলিদেবীর কাছ থেকে ৩ লক্ষ ৮৭ হাজার টাকা নেন তাঁরা। গত বছর অক্টোবর মাসে মেয়েকে মঞ্চে দেখা যাবে বলে কাকলিদেবীকে জানিয়েছিল অভিযুক্তরা। কিন্তু তেমন কিছু না হওয়ায় টাকা ফেরতের কথা বলা হয়। অভিযোগ, তখন ওই পরিবারকে এড়িয়ে যেতে শুরু করেন অভিযুক্তরা। মধ্যমগ্রাম থানার দ্বারস্থ হন কাকলি। তদন্ত নেমে পুলিস অর্ঘজিতকে গ্রেপ্তার করে। কাকলিদেবী বলেন, ‘কয়েকদিন আগে অর্ঘজিৎ ও পুবালি আমাকে ডেকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলেন। সেই মতো আমাকে একটি চেকও দেওয়া হয়েছিল। চেক বাউন্স করে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’



