Bartaman Logo
২৭ মে, ২০২৬

রেলের যাবতীয় উন্নতি ১০ বছরেই, ফের দাবি মোদির

রেলের যাবতীয় উন্নতি ১০ বছরেই, ফের দাবি মোদির
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এমনকী বেমালুম বাদ অটলবিহারী বাজপেয়ির জমানাও! রেলের যা কিছু উন্নয়ন, তার প্রায় সবই হয়েছে বিগত ১০ বছরে। অর্থাৎ, তাঁরই আমলে। সোমবার ফের তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভার্চুয়াল মাধ্যমে জম্মু-কাশ্মীর, তেলেঙ্গানা এবং ওড়িশার একগুচ্ছ রেলপ্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। নর্দার্ন রেলের আওতায় থাকা নিউ জম্মু রেলওয়ে ডিভিশন, তেলেঙ্গানায় ছারলাপল্লি নিউ রেলওয়ে টার্মিনাল এবং ওড়িশায় রায়াগাডা রেলওয়ে ডিভিশন বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর করেন নরেন্দ্র মোদি। ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও। সোমবার এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের পর থেকেই রেলের যাবতীয় আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। এই সময়ের পর থেকেই ভারতীয় রেলে দৃশ্যতই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রেল ঐতিহাসিকভাবেই রূপান্তরিত হচ্ছে। ২০১৪ সালের পরেই ভারতীয় রেলের নিয়মিত আপগ্রেডেশন হচ্ছে। 
Advertisement
সোমবারের অনুষ্ঠানে রেলের একের পর এক ‘সাফল্য গাথা’র উল্লেখ করে গিয়েছেন মোদি। করেছেন পূর্বতন জমানার সঙ্গে তাঁর আমলের তুল্যমূল্য আলোচনাও। প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের পর থেকে রেলের উন্নয়ন হচ্ছে বলেই বন্দে ভারত, অমৃত ভারত, নমো ভারতের মতো ট্রেন চালু হয়েছে। সাধারণ মানুষ এখন কম সময়ে দীর্ঘ পথ পাড়ি দিতে চাইছেন। তাই হাইস্পিড ট্রেনের চাহিদা তৈরি হয়েছে। দেশের ৫০টিরও বেশি রুটে ১৩৬টি বন্দে ভারত ট্রেন চলছে। শীঘ্রই বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে। ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে তার ট্রায়াল রানের ভিডিও আমার মতো প্রত্যেক ভারতবাসীই দেখেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষণা, আর খুব বেশি দেরি নেই যেদিন দেশে বুলেট ট্রেনও চলাচল শুরু করবে। 
একইসঙ্গে এদিন তিনি টেনে এনেছেন বিমানবন্দর এবং মেট্রো রেলের প্রসঙ্গও। মোদি বলেছেন, ২০১৪ সাল পর্যন্ত দেশে ৭৪টি বিমানবন্দর ছিল। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ১৫০টি। ২০১৪ সাল পর্যন্ত দেশের মাত্র পাঁচটি শহরে মেট্রো সংযোগ ছিল। এখন তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২১টি শহর।
সম্পর্কিত সংবাদ