নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৫-২৬ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ হয়েছে ১ ফেব্রুয়ারি। তারপর কেটে গিয়েছে দু’সপ্তাহ। তা সত্ত্বেও বিভিন্ন প্রকল্প সংবলিত গুরুত্বপূর্ণ ‘পিঙ্ক বুক’ প্রকাশ করেনি রেলমন্ত্রক। রেলের শেষ ‘পিঙ্ক বুক’ প্রকাশিত হয়েছিল গত বছর ফেব্রুয়ারি মাসে। বাংলা সহ অবিজেপি রাজ্যে কি রেল বাজেটে প্রাপ্তি শুধুমাত্র ‘বঞ্চনা’ই? রেলের এহেন বেনজির গড়িমসিতে এমনই প্রশ্ন উঠছে। এই নিয়ে রেল বোর্ড সম্পূর্ণ নীরব। প্রশ্ন উঠেছে, গুরুত্বপূর্ণ ‘পিঙ্ক বুক’ প্রকাশের ‘প্রথা’ কি তাহলে বন্ধ করে দেওয়ার পথেই হাঁটছে রেল? এই ‘পিঙ্ক বুক’ থেকেই বোঝা কোন প্রকল্পে কত অর্থ বরাদ্দ হল ও আদতে কোন রাজ্য কী পেল।



