সংবাদদাতা, মেখলিগঞ্জ: মেখলিগঞ্জে কোনও ব্লাডব্যাঙ্ক নেই। ফলে চরম দুর্ভোগে পড়ছেন রোগী ও তাঁর পরিবার পরিজনরা। ব্লাডব্যাঙ্ক না থাকার জন্য রক্তের প্রয়োজন হলে এলাকার মানুষকে দারুণ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। গত শনিবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় পুলিসের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের আলোচনা সভাতেও উঠে এসেছিল এই সমস্যার কথা। ‘উৎসর্গ’ প্রকল্পে সেদিন মেখলিগঞ্জ থানা ও ট্রাফিক পুলিসের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। শিবিরে মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই, মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা, ওসি মণিভূষণ সরকার প্রমুখ এসেছিলেন। সকলের উপস্থিতিতে বিধায়ক জানান, এখানে ব্লাডব্যাঙ্ক তৈরির দাবি দীর্ঘদিনের। দাবির কথা সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে। এটি চালু হলে খুবই সুবিধা হবে। এর মধ্যেই আলিপুরদুয়ারে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুযোগ পেলে তাঁর কাছে এই দাবির কথা তুলে ধরবেন বলে বিধায়ক জানিয়েছেন।
Advertisement
উল্লেখ্য, মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবার উপর মেখলিগঞ্জ ও হলদিবাড়ি এই দুই ব্লক ছাড়াও পার্শ্ববর্তী জলপাইগুড়ি জেলারও অনেক মানুষ নির্ভরশীল। কিন্তু দেখা যাচ্ছে রক্তের দরকারে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল থেকে ৫০ কিমি দূরে জলপাইগুড়ি কিংবা মাথাভাঙা হাসপাতালের ব্লাডব্যাঙ্কে যেতে হচ্ছে। প্রসূতিদের নিয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীর পরিজনদের। রোগী ভর্তি রাখার পর রক্ত খুঁজতে যথেষ্ট সময় ও বেগ পেতে হয় রোগীর আত্মীয়দের।
মেখলিগঞ্জ ব্লকের বাসিন্দা ডাব্বু যাদব, কৃষ্ণ কর্মকার প্রমুখ বলেন, এখানে ব্লাডব্যাঙ্ক না থাকায় রক্তের জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত এই সমস্যা মেটানো দরকার।
মেখলিগঞ্জে ব্লাডব্যাঙ্ক না থাকার বিষয়টি নিয়ে শীঘ্রই আন্দোলনের নামার হুমকি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এসইউসি (সি) নেতা রঞ্জিত বর্মন বলেন, দলের তরফে বহুবার স্বাস্থ্যদপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। এবার আন্দোলনে নামা হবে। সিপিএম নেতা বিপিন শীল বলেন, মেখলিগঞ্জে এতদিনও ব্লাডব্যাঙ্ক চালু হয়নি। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। সংগঠনের তরফে এনিয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।