Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের নজরদারি পোর্টালে  ঢুকল বাংলার বিভিন্ন প্রকল্প

রাজ্যের নজরদারি পোর্টালে  ঢুকল বাংলার বিভিন্ন প্রকল্প
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রকল্পের কাজকর্মের অগ্রগতির উপর নজরদারি অনলাইনে বিশেষ পোর্টালের মাধ্যমে করা শুরু হয়েছে। ইতিম঩ধ্যে এর জন্য ইউনিফায়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ইউপিএমএস) পোর্টাল চালু হয়েছে। এই পোর্টালের মাধ্যমে পূর্তদপ্তরের সব প্রকল্পে নজরদারি করতে কয়েকদিন আগে বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থদপ্তর। এবার সেচ, জনস্বাস্থ্য কারিগরি, জলসম্পদ অনুসন্ধান এবং কেএমডিএ-কে এই পোর্টালের আওতায় আনতে বিজ্ঞপ্তি জারি হয়েছে। একটি প্রকল্প শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত প্রতি আর্থিক বছরে কত টাকা খরচ হচ্ছে ও কাজ কতটা এগল, তার খতিয়ান ওই পোর্টালে থাকবে। সরকারি প্রকল্পের জন্য দপ্তরগুলিকে টাকা বরাদ্দ করে অর্থদপ্তর। পোর্টালের মাধ্যমে প্রতিটি প্রকল্পের হাল হকিকতের উপর অর্থদপ্তর নজর রাখতে পারবে। প্রকল্পের অগ্রগগতির ভিত্তিতে বাজেটে অর্থ বরাদ্দ করতে সুবিধা হবে। কোনও প্রকল্পের কাজ ধীরগতিতে চললে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক করতে পারবে অর্থদপ্তর। যেসব দপ্তর ইতিমধ্যেই এই পোর্টালের আওতায় এসেছে সেগুলি রাস্তা, বিল্ডিং, সেতু, বাঁধ ও পানীয় জল সরবরাহের মতো জনস্বার্থবাহী প্রকল্পগুলি রূপায়ণ করে। এদিকে, সোমবার মণীশ জৈনকে সেচদপ্তরের সঙ্গে জলসম্পদ অনুসন্ধান দপ্তর সামলানোরও অতিরিক্তি দায়িত্ব দেওয়া হল। অতিরিক্ত মুখ্যসচিব পদেও উন্নীত হলেন তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ