সংবাদদাতা, হলদিবাড়ি: রবিবার সাতসকালে জলপাইগুড়ি-হলদিবাড়ি রাজ্য সড়কের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি-১ গ্ৰাম পঞ্চায়েতের ঘুঘুডাঙা সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকগঞ্জ আউটপোস্টের পুলিস। তারা দেহটি উদ্ধার করে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠায়। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০। এর আগে তাঁকে ওই এলাকার কখনও দেখা যায়নি। এদিন সকালে কুয়াশার জেরে হয়তো দুর্ঘটনার কবলে পড়েছেন ওই ব্যক্তি। কপালে গভীর ক্ষত ও প্রচুর রক্তক্ষরণ হয়। ফলে ঘটনাস্থলে ওই ব্যক্তি মৃত্যু হয়। দেহ উদ্ধার করে রাস্তায় পরিস্কার করে দেয় পুলিস। মানিকগঞ্জ আউটপোস্টের ওসি জিপা প্রধান জানান, ওই ব্যক্তির মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।



