সংবাদদাতা, গঙ্গারামপুর: বুনিয়াদপুরে রাজ্যসড়কের উপরে বসছে কৃষক বাজার। কিষানমান্ডিতে জায়গা পাচ্ছেন না কৃষকরা। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। অভিযোগ, গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনেই রাজ্য সড়কের উপরে কৃষক বাজার বসছে প্রতিদিন। এদিকে বুনিয়াদপুর শহরের গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরের পিছনেই রয়েছে কিষানমান্ডি। কিন্তু কৃষকরা কিষানমান্ডি ব্যবহারের কোনও সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ।
Advertisement
প্রতিদিন ভোর ৪ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রাজ্য সড়কের কোর্ট মোড় এলাকায় কৃষকরা উৎপাদিত সব্জি রাজ্য সড়কের দু’পাশে দাঁড়িয়ে বিক্রি করছেন। অভিযোগ, রাজ্য সড়কে ভোরের দিকে যেমন বাড়ছে যানজট, তেমন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বুনিয়াদপুরে কিষানমান্ডি তৈরি হওয়ার পর থেকে সব্জির পাইকারি বাজার মান্ডির ভিতরে বসছে না। যা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে কৃষকদের। প্রশাসনিক আধিকারিকদের নজরদারির অভাবেই বুনিয়াদপুর কিষানমান্ডিতে কৃষকরা ফসল বিক্রির সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ। জেলা রেগুলেটেড মার্কেটের আধিকারিক শ্যামল মাঝি বলেন, কৃষকেরা আমাদের কিষানমান্ডিতে আসেন না। মান্ডিতে কৃষকদের বসার জায়গা রয়েছে। বাইরে পাইকাররা দাঁড়িয়ে থাকেন। কৃষকেরা ফসল নিয়ে আসতেই তাঁদের ধরে দাম দর চলে রাজ্য সড়কের উপরে। কৃষকেরা মান্ডিতে না এলে আমাদের কিছু করার নেই। বাকিটা স্থানীয় প্রশাসন সমস্যার সমাধান করবে। কুশমণ্ডির কৃষক মর্তুজা রহমান বলেন, আমিনপুর থেকে সব্জি নিয়ে আমি বুনিয়াদপুর কিষানমান্ডিতে আসি। কিন্তু কৃষক বাজারে ঢোকার আগে সকলে রাস্তার উপরেই দাঁড়িয়ে কেনাবেচা করেন। শুনেছি কৃষক বাজারে বসার জায়গার অভাব। স্টলের দোকানদাররা ভিতরে ঢুকতে বাধা দেন। ঝুঁকি নিয়েই তাই রাস্তার উপরে দাঁড়িয়ে সব্জি বিক্রি করতে হয়।



