সংবাদদাতা, আলিপুরদুয়ার: ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত অষ্টম সিনিয়র রাজ্য চ্যাম্পিয়নশিপে রুপোর পদক পেল আলিপুরদুয়ার ও কোচবিহারের দুই প্রতিযোগী। ওই দুই সফল প্রতিযোগী হল মাদারিহাট ব্লকের হাণ্টাপাড়া চা বাগানের মৌমিতা খাতুন ও কোচবিহারের খোল্টার প্রিয়াঙ্কা রায়। গত ১৪ ও ১৫ তারিখ বক্সিংয়ের এই রাজ্য চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল হাওড়ার পুলিস লাইনে। প্রিয়াঙ্কা বক্সিংয়ের ৬০-৬৫ কেজি ও মৌমিতা ৬৫-৭০ কেজি বিভাগে অংশ নেয়।
Advertisement
রাজ্য চ্যাম্পিয়নশিপে রুপোর পদক মেলায় এবার মৌমিতা ও প্রিয়াঙ্কা দু’জনেই বক্সিংয়ের জাতীয় চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে ডাক পাওয়ার আশা করছেন। এই সাফল্যে খুশি অ্যাসোসিয়েশনের আলিপুরদুয়ার জেলা সম্পাদক রকি মল্লিক। তিনি বলেন, এবছর বক্সিংয়ের জাতীয় চ্যাম্পিয়নশিপের আসর বসার কথা উত্তরাখণ্ডে। আশা করছি প্রিয়াঙ্কা ও মৌমিতা দু’জনই বক্সিংয়ের জাতীয় আসরের ট্রায়ালে ডাক পাবে।



