সংবাদদাতা, রায়গঞ্জ: টোটোর রেজিস্ট্রেশন না মেলায় রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন পঞ্চাশজন টোটোচালক। তাঁদের অভিযোগ, রেজিস্ট্রেশন না হওয়ায় শহরে টোটো নিয়ে ঢুকতে সমস্যা হচ্ছে। রেজিস্ট্রেশন না থাকলে শহরে ঢোকা মাত্রই টোটোচালকদের জরিমানা করা হবে বলে পুরপ্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েতে এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়নি। টোটো চালক সুবল চন্দ্র বালো বলেন, টোটো নিয়ে শহরে ঢুকতে পারছি না। রেজিস্ট্রেশনের জন্য পঞ্চায়েতে এসে দেখি, প্রধান ও উপপ্রধান কেউ নেই। তাই বাধ্য হয়ে পঞ্চায়েতে তালা দিয়েছি। অবিলম্বে পঞ্চায়েত রেজিস্ট্রেশনের ব্যবস্থা না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামব আমরা। কর্ণজোড়ার ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভের খবর পেয়ে গ্রাম পঞ্চায়েতে আসেন উপপ্রধান দুলাল সরকার। তিনি টোটো চালকদের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেন। উপপ্রধান বলেন, ব্লক থেকে রেজিস্ট্রেশনের কোনও নির্দেশ এখনও আসেনি। তাই আমরা রেজিস্ট্রেশন শুরু করতে পারিনি। নির্দেশ এলেই কাজ শুরু হবে। অন্যদিকে এদিন দুপুরে রায়গঞ্জের বারোদুয়ারী এলাকায় টোটো নিয়ে বিক্ষোভ দেখান রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রামপঞ্চায়েতের টোটো চালকরা।



