রাজনৈতিক থ্রিলারে দেখা যাবে অভিনেতা জন আব্রাহামকে। ছবির নাম ‘ডিপ্লোম্যাট’। সদ্য প্রকাশ্যে এল এই ছবির প্রথম লুক। শোনা যাচ্ছে, একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিকের চরিত্রে দেখা যাবে জনকে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। সেই ঘটনাটি নাকি সরাসরি প্রভাব ফেলেছিল দেশের উপর। যদিও ঘটনার কথা সরাসরি প্রকাশ্যে আনা হয়নি। প্রথম লুক শেয়ার করেছেন অভিনেতা। জানিয়েছেন, মার্চ মাসের ৭ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি বলেই এই ছবির জন্য অনেক বেশি সতর্ক থেকেছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, জন আলাদা করে ওয়ার্কশপও করেছেন। জনকে শেষবার দেখা গিয়েছিল ‘ভেদা’ ছবিতে। ‘ডিপ্লোম্যাট’-এর পর তাঁর হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে।



