নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজওয়ানুর রহমানের মা কিশওয়ার জাহান প্রয়াত। বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৮১ বছর। ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর পাতিপুকুর রেলওয়ে ট্র্যাক থেকে উদ্ধার হয়েছিল রিজওয়ানুর রহমানের দেহ। ছোট ছেলে রিজওয়ানুরের রহস্যজনক মৃত্যুর ঘটনার উপযুক্ত তদন্তের দাবিতে সেই সময় মা কিশওয়ার জাহানের আর্তি— ‘মুঝে ইনসাফ চাহিয়ে’, গলা মিলিয়েছিল গোটা বাংলা। রিজওয়ানুর দাদা তথা নদীয়ার চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান বলেন, ‘১৯৪৪ সালে জন্মেছিলেন মা। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন, হার্টের সমস্যাও ছিল।’ কিশওয়ার জাহানের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘রিজওয়ানুর ও রুকবানুর রহমানের মায়ের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। ওঁনার সঙ্গে আমার গভীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমায় উনি আপনজন হিসেবে খুব ভালোবাসতেন। প্রতি ঈদে ওঁনার সাথে দেখা করতে যেতাম। কত পুরনো স্মৃতি আজ মনে আসছে। রুকবানুর সহ ওঁর পরিবার-পরিজন সকলকে আন্তরিক সমবেদনা জানাই।’



