ওঙ্কারনাথ মিশনের যৌথ প্রচেষ্টায় সদ্য উত্তম মঞ্চে অনুষ্ঠিত হল দ্বাদশ বর্ষ অতিক্রান্ত ঋতছন্দ উৎসব। পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য ও ব্রজেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় দু’দিনের কর্মশালায় সারা বাংলা থেকে নবীন প্রতিভাদের অন্বেষণ করে তাদের যে শিক্ষা দিয়েছিলেন সেটি একটি অনন্য উপস্থাপনা। ভারতবর্ষের শাস্ত্রীয় সংগীতে একই সঙ্গে কণ্ঠসংগীত ও যন্ত্রসংগীতের মেলবন্ধনে প্রথমে ভূপালী এবং পরে খাম্বাজের বন্দিশে আলাপ গৎ ও তানের মাধ্যমে দু’টি অসাধারণ উপস্থাপনা দেখেন দর্শক। এরপর কণ্ঠসংগীতে কৌশিক ভট্টাচার্যকে তবলায় সহযোগিতা করেছিলেন উজ্জ্বল ভারতী এবং হারমোনিয়ামে সায়ন চট্টোপাধ্যায়। তিনি বেহাগ রাগে বিলম্বিত মধ্যলয় এবং তারাণা গান। পরবর্তী অনুষ্ঠান যন্ত্রসঙ্গীতের বৃন্দবাদন এক অভিনব প্রচেষ্টা। সন্তুরে সন্দীপ চট্টোপাধ্যায়, তবলায় শুভাশিস ভট্টাচার্য এবং ঘটমে সোমনাথ রায় প্রথমবার একসঙ্গে বাজালেন। এরপর ভরতনাট্যমে বাংলা তথা ভারতের অন্যতম শিল্পী সম্রাট দত্ত ও তাঁর শিষ্য শান্তনু রায় প্রথমে নিবেদন করেন গণেশ বন্দনা। শেষে দক্ষিণ ভারতীয় কীর্তন অপূর্ব পরিবেশের সৃষ্টি করে।



