নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নিজের স্বপ্ন নয়, বাবার স্বপ্নপূরণ করেছেন শুভম ভট্টাচার্য। ফুটবল বুকে জড়িয়ে ছেলেকে তিলে তিলে বড় করেছিলেন রিষড়ার শ্রীকান্ত ভট্টাচার্য। তাঁর ছেলে শুভম সদ্য সুযোগ পেয়েছেন ভারতীয় ফুটবল দলে। এই তরুণের সাফল্যকে ঘিরে হইচই শুরু হয়েছে শিল্পনগরী রিষড়ায়। ভারতের অনূর্ধ্ব ২৩ দলের নির্বাচিত খেলোয়াড় শুভম বর্তমানে ওড়িশা এফসি’এর হয়ে আইএসএল প্রতিযোগিতায় খেলছেন। সেখান থেকেই তরুণ ওই প্রতিভার জমাট রক্ষণ নজর কেড়েছে ভারতীয় ফুটবল কর্তাদের। দেশের জার্সি গায়ে তোলার সুযোগ পেয়ে যতটা না উচ্ছ্বসিত শুভম তার থেকেও উচ্ছ্বসিত তাঁর বাবা। শিশু শুভম বাবার কাছ থেকেই শিখেছিলেন ফুটবল নিয়ন্ত্রণের কলাকৌশল।
শুভম বলেন, বাবা ফুটবলার হতে চেয়েছিলেন। সেই স্বপ্ন নানা কারণে অধরা রয়ে যায়। যে বয়েসে শিশুরা খেলনা হাতে নেয় বাবা আমাকে সে বয়স থেকে কোচিং করিয়েছেন। উন্নত কোচিং দেওয়ার প্রয়াস করেছেন। আমার মধ্যে তিনি বুনে দিয়েছিলেন ফুটবলার হওয়ার স্বপ্ন। আমি পরিশ্রম করেছি আর প্রার্থনা করেছি যাতে বাবার সাধপূরণ করতে পারি। ভারতীয় দলে আমার সুযোগ পাওয়াতে আমি অবশ্যই খুশি। তবে তার থেকে বেশি খুশি ছেলেকে ভারতের জার্সিতে দেখার যে স্বপ্ন বাবা দেখেছিলেন, তা পূরণ হওয়ায়। রক্ষণভাগের খেলোয়াড় শুভম। মাঠে তাঁর ট্যাকল যেমন জমাট নিঁখুত তেমনই নিজের আবেগের রশি টেনে ধরতেও সমান সজাগ রিষড়ার এই ভূমিপুত্র। তিনি বলেন, আসলে লড়াইটা সবে শুরু হল। কোনও কিছু অর্জন করার চেয়ে ধরে রাখা বেশি কঠিন। এবার লক্ষ্য ভারতীয় সিনিয়র দলের প্রতিনিধিত্ব করা। এবার আমার স্বপ্নপূরণের সংগ্রাম। দৃঢ় আর অদ্ভুত এক কাঠিন্য চুঁইয়ে পড়ছিল এক তরুণের প্রতিটি উচ্চারণে। পাশে বসে হাতে হাত ঘসছিলেন বাবা শ্রীকান্ত। ভাসা ভাসা চোখে তারার ঝিলিক দিয়ে যাচ্ছিল মুগ্ধতা। রক্ষণের খেলোয়াড়ের কড়া ট্যাকলে যেমন মুগ্ধ, বিস্মিত হয় স্ট্রাইকার তেমনই সম্মোহিতের মতো লাগছিল তাঁকে। তারপর এক সময় বললেন, দুই ছেলেকে নিয়ে লড়াইয়ের গল্প। বললেন, আমি কলকাতার ক্লাবে খেলেছি। বড় ক্লাবের ডাক এলেও তা নিতে পারিনি। মাঠে খেলতে খেলতেই স্বপ্ন দেখেছিলাম জাতীয় দলে খেলব। আজ ছেলের হাত ধরে সেই অধরা স্বপ্নকে আমি ধরেছি। আমার ছেলে নিষ্ঠাবান ফুটবল সাধক।
রিষড়ার লেনিন মাঠের পাশে শ্রীকান্তবাবুর বাড়ি। তিনি কেন্দ্রীয় সরকারি কর্মী। দুই ছেলেকেই ফুটবলার গড়ার কাজে নেমেছিলেন তাঁদের শিশু বয়স থেকে। শেষপর্যন্ত জাতীয় দলের জার্সি এসেছে রিষড়ার ভট্টাচার্য বাড়িতে। আগামী এক জুন কলকাতার সল্টলেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন শুভম। তারপর উড়ে যাবেন কাজাকিস্তান। সঙ্গে থাকবে এক প্রৌঢ় প্রাক্তন ফুটবলারের নিবিড় স্বপ্নময় চোখ আর শুভেচ্ছা। -নিজস্ব চিত্র