ভোটার স্লিপে নামের ‘হাস্যকর’ অনুবাদ:  উত্তরপ্রদেশের সিইওর সাফাই ঘিরে প্রশ্ন
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: রুমাল থেকে বেড়াল হওয়া দেখিয়েছিলেন সুকুমার রায়। উত্তরপ্রদেশে নির্বাচন কমিশন দেখাল, ‘রামহিত যাদব’ থেকে ‘রাম যাদবকে মেরেছে’ হওয়া। নামের এমন আক্ষরিক অনুবাদ করে বিতর্কে জড়িয়েছে কমিশন। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। সদ্য রামহিত যাদবের ভোটার স্লিপ সামনে আসতেই শোরগোল পড়েছে যোগীরাজ্যে। কারণ স্লিপে তাঁর নাম লেখা, ‘রাম নে যাদব কো মারা’। এমন ‘হাস্যকর’ অনুবাদ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে তাঁর প্রশ্ন, ‘রাম কেন কেবল যাদবকেই মারলেন? সিং, পাঠক, আস্থানা, শর্মা, রাই কিংবা বিষ্টকে কেন মারলেন না? তা হলে কি আপনাদের কম্পিউটার জাতপাতের পক্ষপাতদুষ্ট? কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে?’ পালটা উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া কটাক্ষ করেছেন, ‘ভাগ্যিস রাম কোনো সংখ্যালঘুকে মারেননি। তা হলে জাতপাতের পক্ষপাতিত্বের পাশাপাশি সাম্প্রদায়িকতার অভিযোগও উঠত।’ সরকারি অফিসারের এমন কটাক্ষ নিয়েও প্রশ্ন উঠছে। তবে কেন এমন ভুল হল, সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেছেন, ‘ইংরেজিতে লেখা নাম হিন্দিতে লেখার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়। ভুলবশত সেই সফটওয়্যার অনুবাদ করে ফেলেছে। তার জেরেই এই বিভ্রান্তি।’ কেবল নামের ক্ষেত্রেই নয়, ভোটার তালিকায় আরও ভুলের অভিযোগ উঠেছে। ভোটারের বাবার নামের জায়গায় তাঁর শিক্ষাগত যোগ্যতা ‘বিকম’ লেখা হয়েছে। নির্বাচন কমিশনের মতে, গাফিলতির জেরেই এই ভুল হয়েছে। এগুলি সংশোধন করে নেওয়া হবে। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর উত্তরপ্রদেশ বিধান পরিষদের ১১টি আসনে ভোটগ্রহণ হয়েছে। আজ, মঙ্গলবার ভোটগণনা।  

Advertisement