গুয়াহাটির হোটেলে ঢুকে নির্বিচারে গুলি, হত পাঁচ
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: সম্পত্তির লিজ নিয়ে বিবাদের জের। অসমের গুয়াহাটিতে হোটেলের ভিতরে গুলি করে খুন করা হল পাঁচজনকে। সোমবার রাত ৯টা নাগাদ লাচিতনগরের বোরা সার্ভিস এলাকায় বিলাস ইন নামে একটি হোটেলে এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে হোটেলের মালিক ও তাঁর ছেলে রয়েছেন। শহরের প্রাণকেন্দ্রে পুলিশ হেডকোয়ার্টার থেকে মাত্র ২ কিলোমিটার দূরে এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যান গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত ও পুলিশের অন্য শীর্ষ আধিকারিকরা। হামলাকারীদের খোঁজে আইসিবিটি, কামাখ্যা রেলস্টেশন, খানাপাড়া বাসস্ট্যান্ডে তল্লাশি শুরু হয়। তল্লাশিতে ঘনকান্ত গগৈ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি পয়েন্ট ৩২ বোরের একটি পিস্তল উদ্ধার হয়েছে। ওই পিস্তল থেকেই গুলি চালানো হয় বলে মনে করছে পুলিশ। ঘনকান্তের সঙ্গে আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ঘনকান্ত এক বছর আগে হোটেলটি লিজে নিয়েছিল। সম্ভবত তাই নিয়েই হোটেল মালিক হেলেনা ভরালির সঙ্গে তার গন্ডগোল চলছিল। এদিন হঠাত্ই আগ্নেয়াস্ত্র নিয়ে হোটেলে হামলা চালায় সে। সূত্রের খবর, অন্তত সাত রাউন্ড গুলি চলেছে। পুলিশ গিয়ে হোটেলের ভিতর থেকে ৪ জন এবং বাইরে একজনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। পুলিশ কমিশনার জানান, ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। আরও একজন আহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন হোটেলের মালিক হেলেনা, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ। বাকি দুজন নারায়ণ দাস (৪৮) এবং চৈতন্য পাঠক (৪২)। আরেক জনের পরিচয় জানা যায়নি। তবে, হেলেনার মেয়েকে হোটেল থেকেই নিরাপদে উদ্ধার করেছে পুলিশ।