Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ওটিটি অনেক সুযোগ দিয়েছে’

ঋদ্ধি ডোগরা। ‘জওয়ান’ হোক বা ‘টাইগার ৩’— স্বভাবসিদ্ধ অভিনয় দক্ষতা দিয়ে ধীরে ধীরে বলিউডে পায়ের তলার জমি শক্ত করছেন অভিনেত্রী।

‘ওটিটি অনেক সুযোগ দিয়েছে’
  • ২ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

ঋদ্ধি ডোগরা। ‘জওয়ান’ হোক বা ‘টাইগার ৩’— স্বভাবসিদ্ধ অভিনয় দক্ষতা দিয়ে ধীরে ধীরে বলিউডে পায়ের তলার জমি শক্ত করছেন অভিনেত্রী। কতটা কঠিন সেই জার্নি? শেয়ার করলেন এক আড্ডায়।

Advertisement

কৃতজ্ঞতা 
ছোটপর্দা, ওটিটি, এবং বড়পর্দা— সব প্ল্যাটফর্মেই কাজ করেছেন ঋদ্ধি। ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছেন অভিনেত্রী। এই সাফল্যের কৃতিত্ব কাকে দিতে চান? আলতো হেসে ঋদ্ধি বলেন, ‘আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, যাঁদের থেকে কাজ শিখেছি, তাঁদেরকেই আমার এই সাফল্যের কৃতিত্ব দেব। লেখক, পরিচালক, সহশিল্পীরা সকলেই আমার সাফল্যের সঙ্গে জড়িয়ে আছেন। বিশেষ করে টেলিভিশন পরিচালক ওয়াসিম সাবির আমাকে অভিনয়ের সবকিছু শিখিয়েছেন। অভিনেত্রী জয়শ্রী অরোরা আমাকে অভিনয়ের অনেককিছু শিখিয়েছিলেন।’ শুধু তাই নয়। অতীত অভিজ্ঞতাও তাঁকে ঋদ্ধ করেছে বলে মনে করেন নায়িকা। তাঁর কথায়, ‘২৩ বছরের সেই ঋদ্ধিকেও আমি কৃতিত্ব দিতে চাই, যে হঠাৎ চাকরি ছেড়ে অভিনেত্রী হতে চেয়েছিল। আজ ভাবি, আমি তখন কীভাবে এত সাহস দেখিয়েছিলাম! আমার কোনও গডফাদার ছিল না। আমি যা করেছি নিজের জোরেই করেছি।’
সাংবাদিকতার গুরুত্ব
সাম্প্রতিক অতীতে ‘দ্য সবরমতি রিপোর্ট’ ছবিতে ঋদ্ধির অভিনয় নানা মহলে প্রশংসিত হয়েছে। এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘এই ছবিতে অভিনয় করার সুবাদে আমি উপলব্ধি করেছি গণতন্ত্রে সাংবাদিকতার গুরুত্ব কতটা! সাংবাদিকের কলমে কত শক্তি আছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে সাংবাদিকতার গুরুত্ব আমি আরও বেশি উপলব্ধি করছি।’
দুই খান
২০২৩ সালে সলমন খানের ‘টাইগার ৩’ এবং শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে দেখা গিয়েছিল ঋদ্ধিকে। দুই খানের সঙ্গে অভিনয়ের সুযোগ ঋদ্ধিকে সমৃদ্ধ করেছে। বিটাউনের দুই খানের মধ্যে মিল কোথায়? অভিনেত্রী বলেন, ‘এত বছর ধরে কাজ করার পরও দু’জনের মধ্যেই শিশুর মতো প্রাণশক্তি, সারল্য রয়েছে। শ্যুটিংয়ে ওঁদের মধ্যে উত্তেজনা দেখে মনে হতো, প্রথম দিন শ্যুটিং করছেন।’ 
ভালো কাজের খোঁজে 
ছোটপর্দার অভিনেতাদের সাধারণত বড়পর্দায় সেভাবে সুযোগ দেওয়া হয় না। বলিউডে এটাই কি সত্যি? ঋদ্ধির জবাব, ‘মাধ্যমকে আলাদা করে গুরুত্ব দিই না। শুধুমাত্র ভালো কাজ করতে চাই। কোনও ইঁদুর দৌড়ে অংশ নিতে চাই না। তবে ওটিটি ছোটপর্দার অভিনেতাদের অনেক সুযোগ দিয়েছে।’ 
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ