Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রহড়ায় গৃহবধূর উপর অ্যাসিড হামলা, গ্রেপ্তার যুবক

রহড়ায় গৃহবধূর উপর অ্যাসিড হামলা, গ্রেপ্তার যুবক
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার সকালে রহড়ায় এই ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, অভিযুক্ত সুরজিৎ দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
সুরজিৎ রহড়া থানা এলাকায় নিজের মাকে নিয়ে একটি ভাড়াবাড়িতে থাকেন। তাঁদের পাশের ঘরে ওই গৃহবধূ স্বামী ও সন্তানের সঙ্গে থাকেন। অভিযোগ, মহিলার উপর সুরজিতের কুনজর ছিল। উত্যক্ত করার চেষ্টা চালাতেন। কয়েক দিন আগে ফোন নম্বর চেয়েছিলেন। মহিলা দিতে অস্বীকার করেন। তারপর এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ির উঠোনে কাজ করছিলেন তিনি। অভিযোগ, সে সময় সুরজিৎ পিছন দিক থেকে এসে মহিলার মাথায় ও মুখে অ্যাসিড ছুঁড়ে চম্পট দেন। স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আক্রান্তের মাথা, মুখ ও গলায় অ্যাসিড ছিটকে পড়েছে। তাঁর স্বামী বলেছেন, ‘আমি কাজে গিয়েছিলাম। ভাইপো ফোন করে ঘটনার কথা জানায়। আমি বাড়ি আসি। সুরজিতের সঙ্গে আগে আমাদের কোনও ঝামেলা ছিল না। বাড়ি এসে শুনছি, সে আমার স্ত্রীর গলা টিপে অ্যাসিড ঢেলে দিয়েছে। রহড়া থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তের কঠোর সাজা চাই।’ বারাকপুরের অতিরিক্ত পুলিস কমিশনার(ঘোলা) তনয় চট্টোপাধ্যায় বলেন, ‘অ্যাসিড হামলার অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা চলছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ