Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে বিক্ষোভ, চাঞ্চল্য

রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে বিক্ষোভ, চাঞ্চল্য
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: মঙ্গলবার একাধিক দাবিতে রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে ছাইবোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখান জমিদাতারা। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ঘণ্টা বিক্ষোভ চলে। বিক্ষোভে এলাকার শতাধিক জমিদাতা ও পরিবারের সদস্যরা শামিল হয়েছিলেন। কর্তৃপক্ষ বিষয়গুলি খতিয়ে না দেখলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এব্যাপারে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।
Advertisement
বিক্ষোভকারীরা জানান, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন ছাইবোঝাই ওভারলোডেড ডাম্পার যাতায়াত করছে। প্রতিনিয়ত স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার কবলে পড়েছেন। অকালে পথ দুর্ঘটনায় মৃত্যুর মুখে পড়তে হচ্ছে। প্রতিনিয়ত এলাকায় ছাই উড়ছে। এলাকার ঘরবাড়ি, পুকুর, সর্বত্র ছাইময় হয়ে যাচ্ছে। চাষযোগ্য জমি চাষের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও কারখানা কর্তৃপক্ষ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি থেকেও হাত গুটিয়ে নিয়েছে। এলাকার বাসিন্দারা কারখানায় কাজ পাচ্ছেন না। হরিয়ানা, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড থেকে বহিরাগতদের এনে কারখানায় কাজ দিচ্ছে। সিএসআর ফান্ডে এলাকায় উন্নয়নের কোনও কাজ করা হচ্ছে না।
আন্দোলনকারী ভোলানাথ মণ্ডল বলেন, কারখানা হলে আমরা কাজ পাব ভেবে জমি দিয়েছিলাম। কিন্তু এখন আমাদের কাজ নেই। পরিবর্তে কারখানার দূষণে আমাদের জীবন জেরবার। আমরা শিল্পের বিরুদ্ধে নই। আমরা স্থানীয়দের কাজের পক্ষে। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ দাবি না মানলে আগামী দিন বৃহত্তম আন্দোলনের নামব। পাড়ার বিজেপি বিধায়ক নদিয়ারচাঁদ বাউরি বলেন, ন্যায্য দাবি নিয়েই জমিদাতারা আন্দোলন করছেন। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন।
তৃণমূলের জেলা সম্পাদক স্বপন মাহাথা বলেন, ওভারলোডেড গাড়ি চলাচল নিয়ে সর্বপ্রথম সরব হয়েছিলাম। বর্তমানে কিছুটা হলেও তা রোধ করা গিয়েছে। জমিদাতাদের যেন কাজে নিয়োগ করা হয় সেব্যাপারে আমরাও তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে দাবি রেখেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ