নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের আর্থিক দুর্নীতির মামলায় দুই অভিযুক্তের হস্তাক্ষরের নমুনা সংগ্রহের জন্য আদালতে আবেদন জানাল সিবিআই। শনিবার আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক সুজিতকুমার ঝায়ের এজলাসে ওই আবেদন জানানো হয়। বিচারক আবেদন মঞ্জুর করেন। দুই অভিযুক্তের নাম বিপ্লব সিংহ ও সুমন হাজরা। আগামী ১৬ এপ্রিল সিবিআইয়ের বিচারকের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।
অন্যদিকে, এই মামলায় আর জি কর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ, আশিসকুমার পাণ্ডে সহ পাঁচজন অব্যাহতি চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন। এদিন ছিল তার শুনানি। অভিযুক্ত সন্দীপ ঘোষের কৌঁসুলি সঞ্জয় দাশগুপ্ত আদালতে বলেন, এই শুনানির বিষয়ে সিবিআইয়ের আপত্তি থাকতেই পারে। সে ক্ষেত্রে আদালতে যা বলার বলবেন সিবিআইয়ের কৌঁসুলি। তা নিয়ে সিবিআইয়ের আইনজীবীর সঙ্গে সন্দীপ ঘোষের কৌঁসুলির বাকবিতণ্ডা হয়। এদিন ওই শুনানি অসমাপ্ত থাকে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৯ এপ্রিল।