Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ বক্সার জঙ্গলে ‘রাজার প্রত্যাবর্তন’, জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে বাঘ ছাড়ার লাইভ ফুটেজ

আজ, শুক্রবার বক্সার জঙ্গলে ‘রাজার প্রত্যাবর্তন’। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে সেই বাঘ ছাড়ার লাইভ ফুটেজ।

আজ বক্সার জঙ্গলে ‘রাজার প্রত্যাবর্তন’, জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে বাঘ ছাড়ার লাইভ ফুটেজ
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রবীন রায়, আলিপুরদুয়ার: আজ, শুক্রবার বক্সার জঙ্গলে ‘রাজার প্রত্যাবর্তন’। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে সেই বাঘ ছাড়ার লাইভ ফুটেজ। সেজন্য কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী ভূপেন্দ্র যাদব বৃহস্পতিবারই পৌঁছে গিয়েছেন রাজাভাতখাওয়ায়। সেখানে তাঁর সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ। জয়ন্তী বনবাংলোয়কেন্দ্রীয় মন্ত্রীর রাত্রিবাসের আয়োজন হয়েছে। আজ সকালে এসে পৌঁছাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ঠিক সাড়ে ৯টায় বক্সার ২৫ মাইল জঙ্গলের ২.২ হেক্টরের ঘেরাটোপে রাখা বাঘিনিকে ছাড়া হবে গভীর জঙ্গলে। ইতিমধ্যেই বক্সায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় ওয়াইল্ড লাইফের অন্যতম সদস্য সৌমিত্র দাশগুপ্ত সহ ওয়াইল্ড ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির বিশেষজ্ঞ দল। কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজাভাতখাওয়া ও জয়ন্তী।

Advertisement

বনদপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন, বক্সায় নতুন অতিথি বাঘিনিকে এদিন ১০ কেজি পাঁঠার মাংস খেতে দেওয়া হয়েছিল। মুহূর্তের মধ্যে সেই মাংস সাবাড় করে ঘেরাটোপের মধ্যে তৈরি কংক্রিটের জলাশয়ে নেমে জলপানও করেছে রয়্যাল বেঙ্গল টাইগারটি। কিছুক্ষণ সেই জলাশয়ে শরীরও ডুবিয়ে রেখেছিল। ওই কৃত্রিম জলাশয়ে পাম্পের সাহায্যে নতুন করে ঠান্ডা জল দেওয়া হয়েছে। বাঘিনিটিকে এদিন নির্দিষ্ট ওই ঘেরাটোপের মধ্যে রাজকীয়ভাবে চলাফেরা এবং এদিক-ওদিক রেইকি করতেও দেখা গিয়েছে। ওই বনকর্তা আরও বলেন, সাধারণত নতুন পরিবেশে আসার পর বাঘেরা ‘এরিয়া ডমিনেশনে’ মন দেয়। বক্সার নতুন অতিথি এই বাঘিনিও এদিন ঘেরাটোপের মধ্যে সেটাই করেছে। 
রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ জানিয়েছেন, শুক্রবারের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের জন্য সমস্ত আয়োজন সম্পূর্ণ। আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে জায়ান্ট স্ক্রিনেবাঘ ছাড়ার লাইভ ফুটেজ দেখানো হবে। সেজন্য প্যারেড গ্রাউন্ডে প্যান্ডেল ও মঞ্চ বাঁধা হয়েছে। বাঘ ছাড়ার পর সেখানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই মাঠে সরাসরি বাঘ ছাড়ার লাইভ দেখতে হাজির থাকবে বনদপ্তরের তৈরি ‘টাইগার কাবস ক্লাবে’র সদস্য জেলার ৭০টি স্কুলের ৬৯৩ জন পড়ুয়া। সব মিলিয়ে বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শোনার জন্য এখন মুখিয়ে আলিপুরদুয়ারবাসী। তবে বাঘ ছাড়ার পর পর্যটনে কতটা প্রভাব পড়বে, তা নিয়ে এখনও সন্দিহান সব পক্ষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ