Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ বাসিন্দারা, খানাকুলে খাঁচা পাতল বনদপ্তর

হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ বাসিন্দারা,  খানাকুলে খাঁচা পাতল বনদপ্তর
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ খানাকুলের রাজহাটি এলাকার বাসিন্দারা। হনুমানের কামড়ে ও আঁচড়ে কয়েকজন জখম হয়েছেন। আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বেরতে পারছেন না। তাঁরা বনদপ্তরের দ্বারস্থ হয়েছেন। রবিবার রাজহাটির পূর্ব পাড়ায় খাঁচা পেতে আসে আরামবাগের বন দপ্তর। তাতে টোপও দেওয়া হয়েছে। বনদপ্তরের এক আধিকারিক বলেন, বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে একটি খাঁচা পাতা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বাসিন্দাদেরও নজর রাখতে অনুরোধ করেছি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজহাটি এলাকায় দলে দলে হনুমান তাণ্ডব চালাচ্ছে। গত কয়েকদিনে প্রায় চারজন হনুমানের আক্রমণে জখম হয়েছেন। বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও। বাড়ির বাগান তছনছ করে দিচ্ছে। হনুমানের আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা বনদপ্তরের কাছে আবেদন জানান। তার জেরে এদিন দুপুরে পূর্ব পাড়ায় ঝোপের কাছে একটি খাঁচা পেতে আসে। যদিও বাসিন্দাদের আশঙ্কা, একটি খাঁচায় হনুমানের তাণ্ডব আটকানো সম্ভব হবে না।
স্থানীয় বাসিন্দা পলাশ দেঁড়ে বলেন, রাজহাটির বিভিন্ন এলাকায় কয়েকমাস ধরে হনুমানের তাণ্ডব চলছে। একসঙ্গে একাধিক হনুমান এলাকায় আসছে। সন্ধ্যার সময় বাসিন্দাদের উপর আক্রমণ চালাচ্ছে। শনিবারও এক ব্যক্তিকে জখম করেছে। তাঁকে খানাকুল হাসপাতাল থেকে আরামবাগ মেডিক্যালে রেফার করা হয়। ওই ব্যক্তির পায়ে গভীর ক্ষত হয়েছে। আমরা প্রবল আতঙ্কে রয়েছি। বাড়ি থেকে বেরনোর সময় সঙ্গে লাঠি রাখতে হচ্ছে। বনদপ্তর দ্রুত হনুমানগুলিকে এলাকা থেকে সরানোর ব্যবস্থা করুক। আর এক বাসিন্দা সমিত কুণ্ডু বলেন, সব্জি খেতে গিয়ে ফসল নষ্ট করছে হনুমানের দল। তার সঙ্গে বাড়িরও ক্ষতি হচ্ছে। জলের পাইপ লাইন নষ্ট করে দিচ্ছে। বাড়ি থেকে আতঙ্কে কেউ বেরতে পারছে না।
এদিনই আরামবাগে বিডিও অফিস সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে বেশ কয়েকটি গন্ধ গোকুল উদ্ধার করে বনদপ্তর। ওই বাড়ি পরিষ্কার করার সময় গন্ধ গোকুলগুলিকে দেখা যায়। বনদপ্তর তা উদ্ধার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ