সংবাদদাতা, নকশালবাড়ি: গরম পড়তেই তীব্র জলসঙ্কটে ভুগছেন নকশালবাড়ির কালুয়াজোতের বাসিন্দারা। রবিবার বালতি, কলসি নিয়ে গ্রামীণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁরা স্লোগান দেন— জল চাই, পাইপ নয়।
সংবাদদাতা, নকশালবাড়ি: গরম পড়তেই তীব্র জলসঙ্কটে ভুগছেন নকশালবাড়ির কালুয়াজোতের বাসিন্দারা। রবিবার বালতি, কলসি নিয়ে গ্রামীণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁরা স্লোগান দেন— জল চাই, পাইপ নয়।
প্রসঙ্গত, বছরখানেক আগে এলাকায় পাইপ লাইন বসানো হয়েছে। কিন্তু বাড়ি বাড়ি সংযোগ দেওয়া হয়নি। অন্যদিকে, পাশেই তোতারামজোতে পাম্প বসিয়ে সেখান থেকে এলাকার কয়েকশো বাড়িতে পানীয় জল সরবরাহ করা হচ্ছে। অথচ ওই পাম্প হাউসের পাশেই কালুয়াজোত। প্রায় ৯০টি বাড়ি কালুয়াজোতে। সেখান থেকেই জল পরিষেবা দেওয়ার কথা থাকলেও বাড়ির দরজা পর্যন্ত পাইপ বসিয়েও কল লাগানো হয়নি। আগে স্ট্যান্ড পোস্ট ছিল, সেখানে জল মিলত। কিন্তু এখন আর জল পাওয়া যায় না। গ্রামবাসীদের কয়েকশো মিটার দূরে অন্য এলাকায় গিয়ে এখন জল আনতে হচ্ছে। মাঝেমধ্যেই অন্য এলাকার বাসিন্দাদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন কালুয়াজোতের লোকেরা।
স্থানীয় মহিলা দুসানি খাতুন বলেন, এলাকায় পাইপ লাইন আছে। কিন্তু কল নেই, তাই জল আসছে না। আমরা জল চাই, নইলে পাইপ তুলে নিয়ে যাওয়া হোক। আরএক মহিলা হাবিবা বেগম বলেন, জলের জন্য রোজ অন্য এলাকায় যাই। ওই এলাকার মহিলাদের আপত্তিকর কথা শুনতে হয়। তাই বাধ্য হয়ে বাতারিয়া নদীর জল খাই।
পিএইচই’র শিলিগুড়ির এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার কেশব কুমার বলেন, বিষয়টি আমার জানা নেই। সোমবার অফিসে গিয়ে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলব। বিষয়টি জেনে নিয়ে দ্রুত উদ্যোগ নেব। নিজস্ব চিত্র।