Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তিন মাস ধরে জমা জলে জেরবার বাসিন্দারা, গ্রামে পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে বিধায়ক

বৃষ্টি থামলেও জল জমে রয়েছে হাওড়ার বালি-জগাছা ব্লকের বেশ কয়েকটি এলাকায়। এর মধ্যে গত দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির ফলে নতুন করে জলমগ্ন হয়েছে বিভিন্ন এলাকা

তিন মাস ধরে জমা জলে জেরবার বাসিন্দারা, গ্রামে পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে বিধায়ক
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃষ্টি থামলেও জল জমে রয়েছে হাওড়ার বালি-জগাছা ব্লকের বেশ কয়েকটি এলাকায়। এর মধ্যে গত দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির ফলে নতুন করে জলমগ্ন হয়েছে বিভিন্ন এলাকা। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ মঙ্গলবার দুপুরে এইসব এলাকা পরিদর্শনে গেলে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন। জমা জল থেকে পরিত্রাণ চান তাঁরা। বিধায়ক তাঁদের সমস্যাকে গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

Advertisement

তিনমাস ধরে জল জমে রয়েছে বালি-জগাছা ব্লকের সাঁপুইপাড়া-বসুকাটি গ্রাম পঞ্চায়েতের পূর্ব শান্তিনগর, পশ্চিম সাঁপুইপাড়া, ষষ্ঠীতলা, নৃপেন্দ্রপল্লি, বাগানবাড়ি প্রভৃতি এলাকায়। তার উপর গত দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় জলযন্ত্রণা আরও তীব্র হয়েছে। সাঁপুইপাড়া এমনিতেই নীচু এলাকা। আশপাশের বিভিন্ন এলাকার নিকাশি জল এখানে এসে জমে। রাস্তাঘাট তো বটেই, গৃহস্থের বাড়ি, স্কুলে বৃষ্টির জল জমে রয়েছে। নোংরা জলে পোকামাকড়স সাপের উপদ্রব বেড়েছে। সব মিলিয়ে তিতিবিরক্ত বাসিন্দারা। এদিন দুপুরে ওই এলাকায় জমা জলের পরিস্থিতি পরিদর্শনে যান বিধায়ক কল্যাণ ঘোষ। বিধায়ককে সামনে পেয়ে ভোগান্তির কথা তুলে ধরেন শতাধিক বাসিন্দা। বারবার পঞ্চায়েতকে জানিয়েও সুরাহা মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। প্রায় ঘণ্টা দেড়েক ওই এলাকায় ছিলেন বিধায়ক। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি।
বিধায়ক বলেন, ‘জমা জলের সমস্যা দীর্ঘদিনের। মানুষজন ভুগছেন। অতিরিক্ত পাম্প চালিয়ে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে। আগামী শুক্রবার থেকে এই পঞ্চায়েতে নিকাশিনালা সংস্কারের কাজ হবে।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার পুকুর, ডোবাগুলি সংস্কার করা হয়নি। তার উপর ঘোষপাড়ার নিকাশি জল পুরোটাই সাঁপুইপাড়ায় ঢুকছে। ঘরে ঘরে চর্মরোগের সমস্যা বাড়ছে। বাচ্চাদের স্কুলে পাঠানো যাচ্ছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ