সংবাদদাতা, কাকদ্বীপ: এখন দুর্যোগের কথা শুনলেই রাতে ঘুম উড়ে যায় নামখানার মৌসুনি দ্বীপের বাসিন্দাদের। অতীতে প্রতিটি প্রাকৃতিক বিপর্যয়ের সময় তাঁরা বিপদের সম্মুখীন হয়েছিলেন। উম-পুন ও যশের মতো প্রাকৃতিক বিপর্যয়ে তাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাড়ি ছেড়ে বহুদিন অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল। পরে ঋণ নিয়ে সেই ভাঙা বাড়ি আবার তাঁরা মেরামত করেছিলেন। কিন্তু সরকারি কোনো সাহায্য তাঁরা পাননি বলে অভিযোগ।
উমপুনে বাড়ি ক্ষতিগ্রস্ত হলে সরকারি অনুদান হিসাবে ২০ হাজার টাকা পাওয়ার কথা। কিন্তু অনেকেই সেই টাকা পাননি।
তাঁদের দাবি, তৎকালীন সময়ে নেতারা এলাকায় এসে ভাঙা বাড়ি দেখে গিয়েছিলেন। বাড়ি তৈরি করার জন্য সরকারি প্রকল্পের অনুদান পাইয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কোনো সাহায্য করা হয়নি। তাই আজও মৌসুনি দ্বীপের বহু বাসিন্দা পরিবারকে সঙ্গে নিয়ে মাটির বাড়িতেই বসবাস করতে বাধ্য হচ্ছেন। এবার রাজ্যে সরকার পরিবর্তন হতেই এখন তাঁরা সরকারি প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি তৈরির স্বপ্ন দেখছেন।
এ বিষয়ে মৌসুনি দ্বীপের বাসিন্দা গৌরহরি মণ্ডল ও বাসুদেব বারুই বলেন, কোনোরকমে চাষবাস করে সংসার চালাই। অভাবের সংসারে খুব কষ্ট করে একটা মাটির বাড়ি তৈরি করেছিলাম। কিন্তু দু’বার প্রাকৃতিক বিপর্যয়ের সময় সেই বাড়ি ভেঙে পড়েছিল। আবারও অন্যের কাছ থেকে টাকা ঋণ নিয়ে বাড়ি মেরামত করেছি। কিন্তু সরকারি কোনো সাহায্য আজও পাইনি। এবার রাজ্যে নতুন সরকার এসেছে। আশা রাখছি বাড়ি তৈরি করার জন্য নিশ্চিত সাহায্য পাবো।
নামখানার বিজেপি নেতা অনুপ সামন্ত বলেন, বিজেপি সরকার অবশ্যই এইসব অসহায় মানুষদের পাশে থাকবে। কিন্তু এখনও পর্যন্ত বহু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তৃণমূল রয়েছে। তাই একটা সমস্যা তৈরি হয়েছে। তবে যে সব উপভোক্তাদের সমস্যা রয়েছে, তাঁরা সরাসরি বিডিও ও বিধায়কের সঙ্গে দেখা করুন। অবশ্যই সমস্যার সমাধান হবে।