Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বসন্তে মশার উপদ্রবে নাজেহাল অবস্থা ইংলিশবাজারের বাসিন্দাদের

বসন্তে মশার উপদ্রবে নাজেহাল অবস্থা ইংলিশবাজারের বাসিন্দাদের
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: সকাল থেকে রাত-মশার কামড়ে কার্যত ত্রাহিত্রাহি রব মালদহ শহরে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মশার উপদ্রব। মশার উৎপাত যে আচমকা অনেকটা বেড়ে গিয়েছে, স্বীকার করে নিয়েছে ইংলিশবাজার পুরসভা কর্তৃপক্ষ। মশা তাড়াতে দ্রুত অভিযানে নামার কথা জানিয়েছেন পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। 

Advertisement

ইংলিশবাজারের বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, মশার কামড়ে নাজেহাল হতে হচ্ছে নিয়মিত। সকালে কিছুটা কম থাকলেও সন্ধ্যা নামতেই দরজা, জানালা বন্ধ করতে হচ্ছে। তা না হলে ঘরে ঢুকে পড়ছে মশার ঝাঁক। কামড়ে কামড়ে অস্থির করে তুলছে মানুষকে। বয়স্ক ও শিশুরা মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছেন রোজই। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন মশার দাপট দ্রুত নিয়ন্ত্রণে না আনা গেলে পতঙ্গ বাহিত রোগের সম্ভাবনা বাড়বে।
ইংলিশবাজারের বাসিন্দা সঞ্জয় পালের কথায়, শহরে মশার দাপটে আমরা অতিষ্ঠ। বিকাল গড়াতেই জানালা বন্ধ করে দিতে হচ্ছে। সবে শীত বিদায় নিয়েছে। আবহাওয়া বেশ মনোরম। কিন্তু মশার অত্যাচারে সন্ধ্যার মৃদু বাতাস উপভোগ করা অসম্ভব হয়ে পড়ছে। পুরসভার উচিৎ অবিলম্বে মশা নিধনে সক্রিয় হওয়া।
শুধু বাড়ির ভিতরেই নয়। বাইরেও মশার উপদ্রব ক্রমশ বিরক্তিকর হয়ে উঠছে বলে জানিয়েছেন ইংলিশবাজারের বাসিন্দারা। পুরসভার একাধিক কাউন্সিলারও স্বীকার করে নিয়েছেন, সাধারণ মানুষের কাছ থেকে মশার দাপট বৃদ্ধি নিয়ে তাঁরা নিত্যদিন অভিযোগ পাচ্ছেন। 
পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের এক সদস্য বলেন, একথা অস্বীকার করার উপায় নেই মশার উপদ্রব খুবই বেড়ে গিয়েছে। মানুষ আমাদের বিষয়টি সরাসরি জানাচ্ছেন। গত বছর ফেব্রুয়ারি মাসের শুরুতেই মশা মারতে পদক্ষেপ করা হয়েছিল পুরসভার তরফে। এবছর এখনও পর্যন্ত সেই উদ্যোগ নেওয়া হয়নি। ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু বলেন, মশার সমস্যা আমাদের নজরে এসেছে। দ্রুত কামান দাগা শুরু হবে। একই সঙ্গে নাগরিকদেরও এলাকা পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে উদ্যোগী হতে হবে।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ