Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বিহারে এবার ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট

‘ডগবাবু’র পর এবার ‘সোনালিকা ট্রাক্টর’! চারপেয়ে সারমেয়র পর এবার চার চাকার ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরি হচ্ছে বিহারে।

বিহারে এবার ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
  • ৩০ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ডগবাবু’র পর এবার ‘সোনালিকা ট্রাক্টর’! চারপেয়ে সারমেয়র পর এবার চার চাকার ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরি হচ্ছে বিহারে। ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিউ (এসআইআর) পর্বে বিহারের এই নয়া ‘কীর্তি’ ঘিরে তুমুল আলোড়ন শুরু হয়েছে। পাঞ্জাবের হোশিয়ারপুরে তৈরি হয় সোনালিকা ট্রাক্টর। দেশের কৃষকদের কাছে বিশেষভাবে সমাদৃত। সেই ট্রাক্টরের নামেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আবেদন জানানো হয়েছে চলতি মাসের গত ১৭ জুলাই। বিহারের সরকারি নথি অনুযায়ী, আবেদনকারী সোনালিকা ট্রাক্টর, বাবা-পাঞ্জাবের মোহালিতে তৈরি স্বরাজ ট্রাক্টর এবং মা-কারদেবী। আবেদনপত্রে ঠিকানা লেখা হয়েছে, গ্রাম-খেত, ডাকঘর-আর, থানা-ছোড়াদানো, ব্লক-কোতয়া, মহকুমা-মোতিহারি এবং জেলা-পূর্ব চম্পারণ। প্রসঙ্গত, এসআইআর পর্বে দেশের নাগরিক প্রমাণে যে ১১টি নথিকে প্রমাণ হিসেবে ধরা হয়েছে, তাতে রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেই সার্টিফিকেটের জন্য কীভাবে কারা আবেদন করছে, তার প্রমাণ মিলেছিল এক কুকুরের নামে  মেলা শংসাপত্রে। এবার ট্রাক্টরের নামে আবেদন ও শংসাপত্র মেলাটা গোটা প্রক্রিয়াটাকে প্রহসনে এনে নামিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। পূর্ব চম্পারণ জেলা প্রশাসন বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ