Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব বর্ধমানের ৩ পুরসভার চেয়ারম্যান রদবদল, চর্চা

পূর্ব বর্ধমান জেলার তিন পুরসভার চেয়ারম্যান পদে রদবদল ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। ওই তিন চেয়ারম্যানের পারফরমেন্স রিপোর্টে খুশি নয় রাজ্য নেতৃত্ব।

পূর্ব বর্ধমানের ৩ পুরসভার চেয়ারম্যান রদবদল, চর্চা
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার তিন পুরসভার চেয়ারম্যান পদে রদবদল ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। ওই তিন চেয়ারম্যানের পারফরমেন্স রিপোর্টে খুশি নয় রাজ্য নেতৃত্ব। তাছাড়া ওই তিন শহরে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। সহযোগী সংস্থার বিচারেও ওই তিন পুরচেয়ারম্যান পিছনের সারিতে চলে গিয়েছেন। শহরের উন্নয়নও তেমনভাবে হয়নি। তা নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ রয়েছে। লোকসভা নির্বাচনের আগে নতুন মুখ সামনে এনে শাসক দল আরও বেশি নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে।

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, তিনটি পুরসভার মধ্যে ভাগীরথীপাড়ের দু’টি শহর রয়েছে। ওই দুই চেয়ারম্যানের কাজ নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন ওঠে। অন্য আরএকটি পুরসভা রয়েছে বর্ধমান সদর মহকুমার মধ্যে। দলের এক নেতা বলেন, বিধানসভা নির্বাচনে গ্রামীণ এলাকা নিয়ে মাথাব্যথা নেই। গ্রামীণ এলাকায় দলের সংগঠন যথেষ্টই মজবুত। লোকসভা নির্বাচনে প্রতিটি গ্রামীণ এলাকা থেকে লিড পাওয়া গিয়েছিল। কোনও কোনও এলাকায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের থেকেও ভালো ফল হয়েছিল। কিন্তু, জেলার শহরগুলি চিন্তায় রেখেছে। বিশেষ করে দাঁইহাট, কালনা বা আউশগ্রামের মতো শহরগুলিতে ভোট বাড়ানো যথেষ্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্ধমান, মেমারি বা কাটোয়া শহরের অনেক ওয়ার্ডেও তৃণমূল লোকসভা নির্বাচনের নিরিখে পিছিয়ে রয়েছে। 
এই শহরগুলিতে ঘুরে দাঁড়ানোর জন্য শাসক দল মরিয়া চেষ্টা করছে। 
তাদের দাবি, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ক্ষত অনেকটাই মেরামত করা গিয়েছে। তবে যে শহরগুলিতে ঘুরে দাঁড়াতে বেগ পাচ্ছে সেখানেই পদাধিকারী বদলের পরিকল্পনা করা হয়েছে। দলের একাংশের অভিযোগ, বেশ কিছু কাউন্সিলারের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। এলাকায় তাদের ভাবমূর্তি তলানিতে রয়েছে। তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া দরকার বলে কর্মীদের দাবি। তাঁরা বলেন, কাউন্সিলার হওয়ার পর অনেকেরই আচরণ বদলে গিয়েছে। আর্থিক অবস্থাও দ্রুত বদলে গিয়েছে। এক সময় যাঁরা পুরানো বাইকে ঘোরাফেরা করতেন, তাঁরা এখন দামি গাড়িতে চড়েন। বর্ধমান ও কালনা শহরের কয়েকজন কাউন্সিলারের উত্থানও চোখে পড়ার মতো। তাঁদের রাশ টানা না হলে এলাকার বাসিন্দাদের ক্ষোভ আরও বাড়বে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, আমাদের সরকার উন্নয়নমূলক কাজে বিশ্বাসী। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। 
দলের আরএক নেতা বলেন, ওই তিন চেয়ারম্যানকে নিয়ে অনেক আগে থেকেই চর্চা চলছে। দল এখন শৃঙ্খলায় বিশ্বাসী। নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, সেটা সকলকেই মানতে হবে। কেউ দলের বিরুদ্ধে হাঁটলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কিছুদিন আগে সাংগঠনিকস্তরে রদবদল করা হয়েছে। সবাই সেটা মেনে নিয়েছে। এক্ষেত্রেও তেমনটাই হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ