নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, মালদহ: বিধানসভা নির্বাচনের আগে রবিবার মালদহের বিভিন্ন ব্লক কমিটি গঠন করা হল। চাঁচল ১ ব্লকে মাদার, মহিলা ও আইএনটিটিইউসি কমিটিগুলিতে প্রাক্তন নেতৃত্বকে স্বপদে বহাল রাখা হলেও যুব তৃণমূলে পরিবর্তন হয়েছে। যুব সভাপতি পদ থেকে সরানো হয়েছে আফাজুদ্দিন আহমেদকে। তাঁর জায়গায় এসেছেন মহম্মদ ফিরদৌস ইসলাম। তিনি পাঁচ বছর ব্লকের যুব কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। পুরাতন মালদহ ব্লকের সভাপতি করা হয়েছে সুদীপ্ত রায়কে। আগে ওই পদে ছিলেন রবিন দাস। অন্যদিকে শহরের ক্ষেত্রে তৃণমূলের সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বিভূতিভূষণ ঘোষকে। আগে ছিলেন বশিষ্ঠ ত্রিবেদী। পাশাপাশি, গাজোল ব্লক তৃণমূল সভাপতি দীনেশের জায়গায় এসেছেন রাজকুমার সরকার। ওই দুই ব্লকের ক্ষেত্রে যুব তৃণমূলে আগে কেউ সভাপতি ছিলেন না। এদিন গাজোল এবং পুরাতন মালদহে যুব তৃণমূলের সভাপতি করা হয়েছে যথাক্রমে সুরজিৎ সাহা, কমল ঘোষকে। ব্লকগুলির আইএনটিটিইউসি, মহিলা সংগঠনেও নতুন মুখ আনা হয়েছে। কালিয়াচক-১ ব্লকের সভাপতি পরিবর্তন হয়নি। কালিয়াচক ৩ ব্লকে যুব সভাপতি পদে নিয়ে আসা হয়েছে সহদেব মণ্ডলকে। অন্যদিকে, কৃষ্ণপুর অঞ্চল সভাপতি করা হয়েছে মাসিদুর রহমানকে। ইংলিশবাজার ব্লক সভাপতির নাম ঘোষণা করেনি দল। বাকি সদস্যদের নাম ঘোষণা হয়েছে। তৃণমূলের সব মহলেরই কৌতুহল ছিল দলের ইংলিশবাজারের টাউন সভাপতি কে হন তা নিয়ে। অবশেষে ইংলিশবাজার টাউন তৃণমূলের সভাপতি হলেন শুভদীপ সান্যাল। তিনি এর আগে আইএনটিটিইউসির জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। ইংলিশবাজারে দলীয় সংগঠনের সহ সভাপতি পদে তৃণমূল বেছে নিল ইংলিশবাজার পুরসভার কাউন্সিলর সুজিত সাহাকে।



