ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত ‘হক’ ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়ার আবেদন জমা পড়ল ইন্দোর হাইকোর্টে। সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের উপর ভিত্তি করে তৈরি ছবিটি। সেই মামলার নেপথ্যে ছিলেন শাহ বানো। পর্দায় শাহর চরিত্রেই অভিনয় করছেন ইয়ামি। তাঁর স্বামীর ভূমিকায় ইমরান। কোর্টরুমে দুই তরফের দ্বন্দ্ব নিয়েই এগিয়েছে গল্প। আগামী ৭ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। এই আবহে ছবি নিয়ে আপত্তি তুলল শাহ বানোর পরিবার। দাবি, নির্মাতারা তাঁদের থেকে কোনও অনুমতি নেননি। পাশাপাশি এই ছবি মুক্তি পেলে ইসলাম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। সে কারণে ছবিটি পিছনোর দাবি জানিয়েছেন তাঁরা। কোর্ট এ প্রসঙ্গে কী রায় দেয়, তার উপরেই ছবির মুক্তি নির্ভর করছে।



