‘অরাজকতা হটাও’, পালটা মিছিল করে রাহুলকে তোপ শাহ-নাড্ডার
  • ২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভোট বাঁচাও বনাম অরাজকতা হটাও। ইন্ডিয়া জোটের মিছিল ও রামলীলা ময়দানে সমাবেশের পালটা জবাব দিতে রবিবার আসরে নামল মোদি-শাহর বিজেপিও। হরিয়ানা, দিল্লি থেকে মুম্বই। সর্বত্র ‘কাউন্টার’  র‌্যালি করল বিজেপি। নাম— লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও। একযোগে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিজেপির দাবি, রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশ সুপার ফ্লপ। মাঠের প্রায় ৪০ শতাংশই খালি ছিল। অমিত শাহর কটাক্ষ, শিখ বিরোধী দাঙ্গার ৪২ তম বর্ষে স্বজনহারাদের ক্ষতে নুনের ছিটে দিয়েছে রাহুল গান্ধীর এই সমাবেশ। দেশকে অরাজকতায় ডুবিয়ে দিতে এটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে কটাক্ষ করেছেন জে পি নাড্ডা। অন্যদিকে, রাহুল গান্ধীর নেপথ্যে বিদেশি শক্তির হাত রয়েছে বলে খোঁচা নীতিন নবীনের।

Advertisement

এদিন চণ্ডীগড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,‘শিখ বিরোধী দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে রাহুল গান্ধীর এই জলসা। শিখ গণহত‌্যার ৪২ তম বর্ষে এমন একটি সমাবেশের আয়োজন করতে হল! রাহুল গান্ধীর মহব্বতের দোকানে শুধুই ঘৃণা সামনে এসেছে। সারাজীবন মক পার্লামেন্টেই পড়ে থেকো। তোমার আর প্রধানমন্ত্রীর হওয়ার সুযোগ আসবে না।’ মিথ্যা বলা আর অরাজকতা ছড়ানোই তোমার চরিত্র’। রাহুলকে একহাত নিয়েছেন জে পি নাড্ডা। তাঁর কটাক্ষ, গণতন্ত্রের ব্যানারে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি একটি নির্বাচিত সরকারকে সরানোর ষড়যন্ত্র করা হয়েছে। পুরোটাই বোকা বোকা নাটক। মাথায় রাখবেন, কংগ্রেসের ক্রম অবনতির কফিনে এটাই হবে শেষ পেরেক। ভারত কিন্তু ‘বানানা রিপাবলিক’ নয়। 
এদিন হরিয়ানার রোহতকে বিজেপির মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন নীতিন নবীন। তাঁর কথায়, বিদেশি শক্তির নির্দেশে কাজ করছেন রাহুল গান্ধী। তবে এই দেশ সংবিধান দ্বারা শাসিত। গান্ধী পরিবারের আইনে চলে না। ইন্ডিয়া জোটের সমাবেশকে সুপার ফ্লপ বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। তিনি জানান, ময়দানের ৪০ শতাংশই ফাঁকা। খালি চেয়ারের সামনে বক্তব্য রাখছেন রাহুল গান্ধী। দশ লক্ষ লোক কোথায়? এত দল, পতাকা একজোট করেও লোক জোগাড় করতে পারেনি তারা।