• কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিতে প্রকৃতির রং ও তাঁর নিজস্ব কল্পনার জগৎ মিলেমিশে একাকার হয়েছে। সেইসব চিত্রপটের ছবি গানে, কবিতায় ও নৃত্যভঙ্গিমার কোলাজে উপস্থাপিত হল ‘আলিপন আঁকিয়া যায়’। সম্প্রতি শিশির মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে কবির লেখা চিঠিপত্র, প্রবন্ধ, গান, গল্পের মধ্যে পাওয়া যায় সেইসব তথ্যের আবেগ মিশ্রিত ঘটনার পরিস্ফুটন। দূর্বা সিংহ রায়চৌধুরীর সুরেলা দরাজ কণ্ঠে পরিবেশিত গানগুলির সঙ্গে সাযুজ্য রেখে রজত সাহার লাইভ পেন্টিং, ঋতি ঘোষের নৃত্য এবং দৃপ্ত, সাবলীল বাচন ভঙ্গিমায় আবৃত্তি ও পাঠে শুভম মিত্র অনবদ্য। কিবোর্ডে দীপঙ্কর দাস, এসরাজে ঋতম বাগচী, তালবাদ্যে স্বর্ণাভ সরকার এবং বাঁশিতে ঋক মুখোপাধ্যায়ের যথাযথ সহযোগিতা অনুষ্ঠানটিকে সার্থক রূপ দেয়।



